ছেঁড়া-ফাটা নোট না নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৩২
গ্রাহকের কাছ থেকে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণের পাশাপাশি বিনিময় মূল্য প্রদান না করলে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কেন্দ ীয় ব্যাংক। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ। এ বিষয়ক ১৯৭৬ সালের বিধিমালা বিলুপ্ত করে নতুন বিধিমালা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে। পরিপত্রে বলা হয়েছে, ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণের পরিসংখ্যান মাসিক ভিত্তিতে ব্যাংকের প্রধান ও প্রিন্সিপাল কার্যালয় থেকে পরিবীক্ষণ করতে হবে। প্রতিটি শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে নোটিশ টানাতে হবে। ময়লা ও ছেঁড়া নোটের বিনিময় মূল্য জমা দেয়ার সময়ই পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কোনো অনীহা দেখালে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।