দীপা খন্দকার, মম, সারিকা, নিসা ও মেহজাবীন- এই পাঁচ নায়িকার বিপরীতে সজলকে দেখা যাবে টেলিফিল্ম ‘আমি কার’-এ। আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি। টেলিফিল্মের গল্পে দেখা যাবে—দীপা খন্দকার, মেহজাবীন, নিসা তিনজনই দুর্বল সজলের প্রতি। কিন্তু সজল নিজের অতীত নিয়ে এতটাই ভারাক্রান্ত যে, নতুন করে কাউকে ভালোবাসার কথা ভাবতে পারে না সে। বন্ধু তানভীর বিষয়টা মেনে নিতে না পারলে সজল তাকে বলে, সারিকা নামে একটি মেয়ের সাথে গভীর প্রেম ছিল। সড়ক দুর্ঘটনায় মেয়েটি মারা যাওয়ার পর প্রচণ্ড শোকাহত হয়ে সে সিদ্ধান্ত নেয়, আর কাউকে ভালোবাসায় জড়াবে না। তাই ওই তিনজনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে, নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে সে। তার অফিসে চাকরি করে মম। একসময় মমর প্রতি ভালোলাগা তৈরি হয় তার। দিনে দিনে ভালোলাগার অনুভূতিটা তীব্র হতে থাকলে মমকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মমর বাসায় প্রস্তাব নিয়ে যাওয়ার পর সেখানে ঘটে আরেক বিপত্তি। কাহিনী মোড় নেয় অন্যদিকে।
