জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ন্যান্সি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৩
মায়ের অসুস্থতার মধ্যেও সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার খবর পেয়ে আনন্দাশ্রু ঝরালেন কণ্ঠশিল্পী ন্যান্সি। দীর্ঘদিন ধরেই মায়ের অসুস্থতার কারণে তার সেবাশুশ্রূষাতেই সময় কাটাচ্ছেন নিজ এলাকা ময়মনসিংহে। শুধু রেকর্ডিংয়ের কাজ থাকলেই ঢাকায় এসে আবার চলে যান। ১৪ জানুয়ারি রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়টি চূড়ান্ত হলে প্রথমেই তার মাকে এ সুসংবাদটি জানান তিনি। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, এত অল্প সময়ের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এত বড় সম্মাননা পাবো, ভাবিনি। আমি সত্যিই আনন্দিত। আরো বেশি ভাল লেগেছে মাকে সুসংবাদটি দিতে পেরে। স্বাভাবিকভাবেই দেশের শীর্ষ এ সম্মাননা আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে দিল। এখন থেকে শ্রোতাদের আরো ভাল গান উপহার দিতে চাই। ন্যান্সি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ চলচ্চিত্রের প্লে-ব্যাকের জন্য এ পুরস্কারটি জেতেন।