ট্রেন ও চালকের নাম জানতে পুলিশের চিঠি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৫
কোন্ ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মেডিক্যাল ছাত্রী জেরিনকে হত্যা করা হয়েছে তা খুঁজছে রেলওয়ে পুলিশ। এ ব্যাপারে ট্রেনের নাম ও নির্দিষ্ট সময় জানতে চেয়ে রেলওয়ে পুলিশ রেলের ট্রাফিক বিভাগে চিঠি দিয়েছে। কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আলাউদ্দিন জানান, জেরিনের সঙ্গে স্মরণের প্রেমের সম্পর্ক এবং জেরিনকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার আগে দুইজনের ঝগড়ার বিষয়ে প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। তবে কোন ট্রেন যাওয়ার সময় জেরিনকে ধাক্কা দেয়া হয়েছিল তা জানা যায়নি। এ ক্ষেত্রে ঐ ট্রেনের চালকও এ ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারেন। অন্যদিকে, গত মঙ্গলবার জেরিনের ঘাতক সন্দেহে গ্রেফতারকৃত তার প্রেমিক স্মরণ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঘটনার দিন তিনি জেরিনকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রেললাইন ধরে হাঁটতে থাকেন। প্রায় এক কিলোমিটার হাঁটার পর তারা বনরূপা গেটের কাছাকাছি আসার পর দুজনের মধ্যে ঝগড়া হয়। এসময় ঢাকার দিকে একটি ট্রেন অতিক্রম করছিল। এ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে জেরিন ছিটকে পড়েন। রিমান্ডের এ তথ্য জানিয়ে কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আরো জানান, খুব সম্ভব জেরিনকে ট্রেন অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি বগির সঙ্গে ধাক্কা লাগে। তবে তথ্যটি নিশ্চিত হওয়ার জন্য কোন্ ট্রেন তা আগে জানা প্রয়োজন। এ কারণে ট্রেনের নাম, সময় ও চালকের নাম জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ১২ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোটেল রেডিসনের পিছনে বনরূপা রেলগেটের কাছে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী মীর জেরিনা আরাবিয়া জেরিন নিহত হন।