পাকিস্তানী খেলোয়াড়রা এখন আসতে চাইলেও বিসিবি আর তাদের নেবে না বলে জানিয়ে দিয়েছে। তবে পাকিস্তানী গায়ক আতিফ আসলামের ব্যাপারে এই কঠোর অবস্থান দেখাচ্ছে না বিসিবি। ফলে বাংলাদেশি তারকাদের সঙ্গে আজকের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে মঞ্চে থাকবেন আতিফ আসলামও।
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আতিফ ছাড়াও মঞ্চ মাতাতে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের জেমস, রুনা লায়লা, মমতাজ ও ব্যান্ড দল ওয়ারফেজ। চার ঘণ্টার অনুষ্ঠানমালা দিয়ে আজ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের দ্বিতীয় আসরের। সন্ধ্যা ছয়টা থেকে মূল অনুষ্ঠান শুরু হলেও পাঁচটা থেকে শুরু হবে রিহার্সাল অনুষ্ঠান। প্রেসিডেন্ট জিল্লুর রহমান বিপিএলের উদ্বোধন করবেন। জমকালো এই অনুষ্ঠানটি চ্যানেল নাইন, বিটিভি ও ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে।
প্রথমে ছয় ঘণ্টার অনুষ্ঠানমালা থাকলেও প্রেসিডেন্টের উপস্থিতির কারণে সেখানে কিছুটা পরিবর্তন করেছে গেম অন স্পোর্টস। গেম অন স্পোর্টসের পরিচালক অঞ্জন গাঙ্গুলী বলেন, ‘ছয় ঘণ্টার অনুষ্ঠানটি ছোট করে চার ঘণ্টা করা হয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেরা গায়কদের উপস্থিতি ছাড়াও মিম-শারিকার মত থাকবে সাতজন মডেল। তবে পরিবর্তন করা হয়েছে চীনা অ্যাক্রোবেটিক শো।’ এই দলকে বিপিএলের পক্ষ থেকে ‘না’ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব আই এইচ মল্লিক। তিনি এ প্রসংগে বলেন, ‘সময় স্বল্পতার কারণে তাদেরকে আজ না করে দিয়েছি। তবে আগে টাকা দিয়েছি। এখন এটা উদ্ধারের কথা ভাবছি। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে দুইটা লেজার শো, ফায়ার ওয়ার্কস, সাতটি বিভাগীয় গান এবং সাত ফ্রাঞ্চাইজির মার্চ পোস্ট হবে’।
বলাই বাহুল্য অনুষ্ঠানের বড় আকর্ষণ হতে যাচ্ছে পাকিস্তানের মুম্বাই ভিত্তিক তারকা আতিফ আসলাম। পাকিস্তানী এই গায়ককে আগেই টাকা পাঠিয়ে দেয়ায় আপাতত তাকে আর ‘না’ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে দুবাইতে এসে পৌঁছেছেন। আজ সকালে তার ঢাকায় আসার কথা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মাঠের পশ্চিম দিকে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে মিরপুর স্টেডিয়াম। আর্মি ও র্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাসি করা হয়েছে পুরো মাঠ।
এতোশত প্রস্তুতির সবই নির্ভর করছে দর্শকের সাড়ার ওপর। সেটা পাওয়া যাবে তো? এ ব্যাপারেও আশাবাদী বিপিএল কমিটি।
