ধোনির ভুল!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:২৮
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচে ১২৭ রানের জয়ে নিজ দলের বোলারদের কৃতিত্ব দিয়ে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, কোচির উইকেট পর্যবেক্ষণে তিনি ভুল করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তার ধারণা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা সহজ হবে এবং প্রতিপক্ষ ইংলিশরা এ থেকে সুবিধা পাবে। ম্যাচ শেষে মঙ্গলবার ধোনি বলেন, ‘এটাকে ফ্লাট উইকেট মনে হয়েছে। আমরা ধারণা করেছিলাম এটা শুষ্ক হয়ে যাবে এবং স্পিনাররা হয়তোবা টার্ন পাবে না। ভাল যে আমার ধারণা ভুল ছিল এবং আমাদের স্পিনাররা ভাল টার্ন পেয়েছে।’ ভারতীয় ইনিংসে ফাস্ট বোলাররা সহায়তা পেয়েছে এবং তৃতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি এবং যুবরাজ সিং চড়াও হয়ে ৫৩ রান করতে সক্ষম হওয়ায় এমন কঠিন অবস্থায়ও তার দল ভাল সংগ্রহ করতে পেরেছে বলে উল্লে¬খ করেন ধোনি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘প্রথমদিকে ফাস্ট বোলাররা কিছু সহায়তা পেয়েছে। আমাদের শুরুটা ভাল হয়নি। উদ্বোধনী জুটির জন্য এটা বেশ কঠিন ছিল। যুবরাজ এবং কোহলি আমাদের জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছে।’ কোচির উইকেটটিকে ‘সঠিক’ উইকেট হিসাবে চিহ্নিত করে ধোনি জানান, টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ উইকেট এটি। তিনি বলেন, ‘আমি মনে করি টেস্ট ক্রিকেটের জন্য এটা ছিল সঠিক উইকেট। এখানে পেসাররা কিছুটা সহায়তা পেয়েছে আবার স্পিনাররাও যথেষ্ট টার্ন পেয়েছে। এমন একটি উইকেটই আমরা চাই।’ অন্যদিকে ম্যাচে পরাজয়ের জন্য শেষ দিকের বোলিংকে দায়ী করলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। শেষ ১০ ওভারে ইংলিশ বোলাররা ১০৮ রান দিয়েছে। তিনি বলেন, ‘শেষ ১০ ওভারে আমার একশ’রও বেশি রান দিয়েছি। ম্যাচে যার মূল্য আমাদের দিতে হয়েছে। আমি মনে করি এমন উইকেটে ২৪০-২৫০ রান সম্ভব।’ ভারতীয়দের কাছে তার দল পুরোপুরি পরাস্ত হয়েছে এবং বোলাররা ভাল একটি সূচনা এনে দেয়া সত্ত্বেও তার দল তা কাজে লাগাতে পারেননি বলে স্বীকার করেন কুক। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা কিছুটা কঠিন ছিল। কিন্তু এটাকে অভিযোগ হিসাবে দাঁড় করানো যাবে না। আজ আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি।’ প্রথম ২০ ওভারে আমাদের ৩-৪টি উইকেট নেয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা তা ঠিকমত করতে পারিনি। স্টিভেন ফিন ভাল বোলিং করেছে। আমাদের চেপে ধরার জন্য সমস্ত কৃতিত্ব ভারতীয়দের।’ ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রবিন্দ্র জাদেজা বলেন, কোচি দলের হয়ে আইপিএল খেলাটাই এ ম্যাচে তার জন্য সহায়ক হয়েছে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আমার ব্যাটিংটা উপভোগ করেছি। উইকেট ভাল ছিল এবং বল সুন্দরমত ব্যাটে আসছিল। উইকেট সম্পর্কে আমি জানতাম। উইকেট আস্তে আস্তে কিছুটা মন্থর হয়ে আসছিল। তবে একবার সেট হয়ে গেলে আপনি রান পাবেন। এছাড়া মাহি ভাইও (মহেন্দ্র সিং ধোনি) বলছিল তোমার উইকেটটি বিলিয়ে দিয়ে এসো না।’ জাদেজা ব্যাট হাতে ৩৭ বলে ৬১ রান করার পর বল হাতে ৭ ওভারে ১২ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন। - বাসস