হ্যাটট্রিক শিরোপার পথে জকোভিচ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:২৯
বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জকোভিচ বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয়ের পথেই এগিয়ে যাচ্ছেন। শীর্ষ বাচাই জকোভিচ সহজ জয় পেলেও দ্বিতীয় রাউন্ড উতরাতে বেশ কষ্ট করতে হয়েছে চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরারকে। অপরদিকে, সহজ জয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। শুধুমাত্র এবারের শিরোপাই নয়, টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে রেকর্ড বইয়ে নিজের নাম লেখানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে অনায়াসেই তৃতীয় রাউন্ডে উঠলেন জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী রায়ান হ্যারিসনের বিরুদ্ধে ৬-১, ৬-২, ৬-৩ গেমে জয়ী হন। গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন বাস্তবে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া ফেরার দ্বিতীয় রাউন্ডে অবাছাই যুক্তরাষ্ট্রের টিম স্মিচচেককে হারান ৬-০,৭-৫, ৪-৬ ও ৬-৩ গেমে। জয় পেতে ফেরারের মত ঘাম ঝরাতে হয়নি বার্দিচকে। সহজ জয় দিয়েই তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন চেক প্রজাতন্ত্রেও এই টেনিস তারকা। দ্বিতীয় রাউন্ডে বার্দিচ ৬-২, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন অবাছাই ফ্রান্সের গুইলায়ুম রুফিনকে। -বাসস