বরগুনার আমতলীতে বাবা ইব্রাহীম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি সুন্দরী বেগমের সাথে জেলহাজতে যেতে হয়েছে দু’শিশু সন্তান ইমরান (৭) ও ইভাকে (৫)। জানা গেছে, ২০০৭ সালে আমতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চড়পাড়া গ্রামের ইব্রাহীম মিয়া নৃশংসভাবে খুন হন। পুলিশ ও গোয়েন্দা পুলিশ দু’দফা তদন্ত শেষে ইব্রাহীমের স্ত্রী সুন্দরী বেগম, সুন্দরী বেগমের বাবা আর্শ্বেদ আলী, ভাই জামাল, চাচা সেকান্দার খাঁনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মঙ্গলবার আমতলী সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম-এর আদালতে স্ত্রী সুন্দরী বেগম, দু’শিশু সন্তান ইমরান ও ইভাকে নিয়ে আত্মসমর্পণ করেন। বিচারক সুন্দরী বেগমের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সুন্দরী বেগম আদালতকে বলেন, তার সন্তানদের দেখাশুনার জন্য কোন লোক নেই। আদালত তার আর্জি আমলে নিয়ে সন্তানদের মায়ের সাথে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
