এতদিন নিজের পড়ালেখার কারণে চলচ্চিত্রের প্রতি মনোযোগ হতে পারেননি চিত্রনায়িকা রত্না। যে কারণে, বিগত কয়েক বছর ধরেই তাকে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। এখন তিনি চলচ্চিত্রে পুরোদমে কাজ করার জন্য প্রস্তুত। কারণ সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে মাস্টার্স করেছেন। শাহীন সুমন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবির মূল নায়িকা হিসেবে এবার অভিনয় করতে যাচ্ছেন রত্না। গত সপ্তাহেই নতুন এই ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সেদিন বৃষ্টি ছিল ছবির গল্প ভাবনা শাওন আশরাফের। গল্পটি অলংকৃত করেছেন আব্দুল্লাহ জহির বাবু। আগামী ২২ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পাচ্ছে রত্না ও নাদিম জুটি অভিনীত ‘কষ্ট আমার দুনিয়া’ ছবিটি।
