বার্সেলোনাকে রুখে দিল মালাগা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০৯
ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে মালাগার বিপক্ষে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা খুব একটা ভাল হলো না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। বুধবার রাতের ম্যাচে ১০ জনের মালাগার বিপক্ষে শেষ মুহূর্তে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এর ফলে স্প্যানিশ কাপের সেমিফাইনালের পথে যেতে বার্সেলোনাকে দ্বিতীয় লেগ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। লা লিগায় ১৯ ম্যাচ পরে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় ১১ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনা কালকের ম্যাচে সুস্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল। দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি এবং অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস পুয়োলের গোলে পিছিয়ে থেকেও ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল কাতালানরা। সেই স্বপ্ন আরো জোরালো হয় ম্যাচ শেষের ১৫ মিনিট আগে পেড্রোকে মারাত্মক ফাউল করায় ডিফেন্ডার নাচো মোনরিয়াল লাল কার্ড পেলে মালাগা যখন ১০ জনের দলে পরিণত হয়। পেড্রো এবং মোনরিয়াল উভয়ই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু ম্যাচ শেষের ইনজুরি টাইমে ইগনাসিও কামাচোর একটি উঁচুতে উঠা ফ্রিকিক পুয়ল এবং সেন্টার ব্যাক জেভিয়ার মাসকেরানো ঠেকাতে ব্যর্থ হলে দারুণ এক গোল দিয়ে ম্যাচ শেষ করে মালাগা। রোববার লা লিগায় মালাগার বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝিতেই পিছিয়ে পড়ে। ২৬ মিনিটে ডিফেন্সের ভুলে ম্যানুয়েল ইতুরা যখন সফরকারীদের এগিয়ে নিয়ে গিয়েছিলেন তখনও মনে হয়নি ম্যাচের নাটকিয়তা আরো আছে। লা লিগাতে রবিবার উভয় ম্যানেজার যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল তার থেকে বার্সেলোনায় ৮টি ও মালাগাতে ৭টি পরিবর্তন এনে কাল মূল একাদশ সাজানো হয়েছিল। কাতালানদের মধ্যে উল্লে¬খযোগ্য ছিলেন ক্রিস্টিয়ান টেলো ও মার্টিন মনটোয়া। আর মালাগাতে মিডফিল্ডার ইসকো ও মার্টিন ডেমিচেলিসকে বসিয়ে রাখা হয়েছিল। পিছিয়ে পড়েও ২৯ মিনিটে সমতা ফেরান বার্সার গোল মেশিন মেসি। পরের মিনিটেই কাতালানদের এগিয়ে দেন পুয়োল। থিয়াগোর কর্নার থেকে হেডের সাহায্যে গোলসংখ্যা দ্বিগুণ করেন তিনি। এর আগে মঙ্গলবার বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালমাদ্রিদ কোপ ডেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে পথে বেশ খানিকটা এগিয়ে গেছে। ফেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা এবং মেক্সিকান ডিফেন্ডার আন্দ্রেস গুয়ারডাডোর আত্মঘাতি গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই জয় পায় রিয়াল। রিয়াল জারাগোজা ও সেভিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শেষ আটের প্রথম লেগের শেষ ম্যাচে বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে।—বাসস