এক দুর্বোধ্য সংগীতের জন্মলগ্ন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:১৫
আমি যখন সমুদ্রে সাঁতার কাটি, তখন দুই হাত প্রসারিত করে এক পুলিশ বাতাসকে দিকনির্দেশনা দেয়। আকাশের গতিরোধকের সামনে হুমড়ি খেয়ে পড়ে অগণিত নিহারীকা। আমার আঙুলে থাকে আগুন; এই আগুনের স্পর্শে সমুদ্রের নোনতা জল টগবগ করে ফুটে ওঠে। আর মাছেদের নীল চোখে ধরা পড়ে পৃথিবী জয়ের নেশা; তুষারে তুষারে আচ্ছন্ন হয় আহত মাঠের লাল কার্পেট, তীব্র আলোর সাথে তরবারি খেলা হয় রাতেদের এবং এভাবেই এক দুর্বোধ্য সংগীতের জন্মলগ্ন তৈরি হয়: দস্যুতার থেকে উঠে আসে মানুষের প্রথম কবিতা, ভাঙা বল্মীকের ঢিবি মিশে যেতে থাকে জন্ম ও মৃত্যুকামী মাটির সাথে।