বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেও ইনজুরি নিয়েই তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এছাড়াও জয় অব্যাহত রেখেছেন টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি এবং জাপানের অভিজ্ঞ খেলোয়াড় কিমিকো দাতে-ক্রম।
আজারেঙ্কা গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্রীসের এলেনি ডানিলিডুকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে জানান যে তিনি যেভাবে চেয়েছিলেন ম্যাচটা ঠিক সেরকমই হয়েছে। পাঁচ বছর আগে গ্রীক খেলোয়াড়টির মুখোমুখি হয়ে একবার পরাজিত হয়েছিলেন আজারেঙ্কা। বেলারুশের আজারেঙ্কা পরের রাউন্ডে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনের। দ্বিতীয় রাউন্ডে হ্যাম্পটন থাইল্যান্ডের বাছাই খেলোয়াড় লুকসিকা কুমকুমের বিপক্ষে ৬-১, ৬-২ গেমের জয় পেয়েছেন।
মেলবোর্নে ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড গরমের মধ্যে রড লেভার এরিনায় আজারেঙ্কার ম্যাচের পরই স্প্যানিশ টিনএজার গারবিন মুগুরুজার বিপক্ষে ৬-২, ৬-০ সেটে জয়ী হন তৃতীয় বাছাই সেরেনা। গোঁড়ালির ইনজুরি সত্ত্বেও ষষ্ঠ বারের মত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার জয়ের লক্ষ্যে খেলে চলা সেরেনা বলেন, ‘‘আমি এখন মোটামুটি সুস্থ অনুভব করছি। সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব কিছুই গত দুইদিন ধরে করার চেষ্টা করছি। বিশেষ করে ইনজুরি আক্রান্ত স্থানে বরফ লাগানোর কারণে আজ (গতকাল) সকালে ঘুম থেকে উঠে বেশ সুস্থ বোধ করছি।’
সেরেনা প্রথম রাউন্ডের ম্যাচে এই ইনজুরিতে পড়েছিলেন। এরপর দুই দিন নিবিড় চিকিত্সা নিয়ে সেরে উঠেন তিনি। তৃতীয় রাউন্ডে সেরেনা জাপানের আওয়মি মোরিতার মুখোমুখি হবেন। দ্বিতীয় রাউন্ডে জার্মানীর আনিকা বেকের বিপক্ষে ৬-২, ৬-০ গেমে জয়ী হন মোরিতা।
আমেরিকান সেরেনা এর আগে কখনই বিশ্ব র্যাংকিংয়ে ১১২তম স্থানে থাকা স্প্যানিয়ার্ড গারবিনের মুখোমুখি হননি। গারবিন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মধ্য দিয়ে গ্র্যান্ড স্ল্যামে অভিষেক ঘটিয়েছেন। প্রথম সেটে মুগুরুজা কিছুটা প্রতিরোধ গড়তে সমর্থ হলেও দ্বিতীয় সেটে প্রতিপক্ষ সেরেনা তার জন্য একটু বেশিই কঠোর ছিলেন। দুজনের মধ্যকার দ্বিতীয় সেটের প্রথম গেমটা প্রায় ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। কিন্তু শেষ পাঁচ গেম সহজেই মাত্র ১৯ মিনিটে জিতে ম্যাচটি নিজের করে নেন সেরেনা। ষষ্ঠ গেমে সেরেনা নিজের র্যাকেট দিয়েই মুখে আঘাত পান। তাই ম্যাচ শেষে অনেকটা মজা করেই বলেছেন, ‘প্রথমদিন আমার গোঁড়ালি ঘুরে গিয়েছিল। আর আজ আমি মুখে আঘাত পেলাম। জানি না শনিবার আবার কি ঘটবে।’
এবারের আসরের ড্রগুলো যদি অঘটন ছাড়াই সম্পন্ন হয় তবে সেমিফাইনালে সেরেনার মুখোমুখি হবার কথা আছে আজারেঙ্কার।
বিশ্বের সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকিও এদিন জয় তুলে নেন। ড্যানিশ এই তারকা ৬-১, ৬-৪ গেমে ক্রোয়েশিয়ান ডোনা ভেকিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। জাপানের অভিজ্ঞ কিমিকো দাতে-ক্রমও জয়ের ধারা অব্যাহত রাখেন ইসরাইলের শাহার পিরকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে। ৪২ বছর বয়সী এই জাপানী ১৯৭৯ সালে রেনে রিচার্ডসের পরে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠলেন।
দিনের আরেক ম্যাচে রাশিয়ার সেভেতলানা কুজনেতসোভা তাইপের শেই সু-ওয়েইর বিপক্ষে ৬-২, ৬-১ গেমে, ইতালিয়ান ১৬তম বাছাই রবার্তা ভিঞ্চি উজবেক আকগুল আমানমুরাডোভাকে ৬-৩, ৬-২ গেমে এবং ১৪তম বাছাই রাশিয়ান মারিয়া কিরিলেনকো চাইনিজ পেং শুয়াইয়ের বিপক্ষে ৭-৫, ৬-২ গেমের জয় দিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। বাসস/এএফপি
