ফেদেরার-মারের অগ্রযাত্রা অব্যাহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:২০
রজার ফেদেরার মেলবোর্ন পার্কে তার পঞ্চম শিরোপার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার নিকোলাই ডেভিডেংকোকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে এ লক্ষ্যে তৃতীয় রাউন্ডে পৌছান তিনি। এছাড়াও জয় পেয়েছেন আরেক শিরোপা প্রত্যাশি বৃটেনের অ্যান্ডি মারে। দ্বিতীয় বাছাই ফেদেরার তার ক্যারিয়ারে যে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার মধ্যে চারটিই হলো অস্ট্রেলিয়ান ওপেনের। তিনি ২০০৪, ০৬, ০৭ ও ২০১০ সালে অস্ট্রেলিয় ওপেনের শিরোপা জেতেন। বর্ষিয়ান ডেভিডেংকোর বিরুদ্ধে এ জয়টিসহ ১৮-২ গেমে এগিয়ে রয়েছেন ফেদেরার। ৩১ বছর বয়সী সুইস এই তারকা এরপর স্বাগতিকদের ভরসা বার্নার্ড টোমিচের বিরুদ্ধে খেলবেন। অজি খেলোয়াড়টি অবাছাই জার্মান ড্যানিয়েল ব্র্যান্ডসকে পরাজিত করেন। ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে মেলবোর্নে আরো একটি সহজ জয় পেয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার পর্তুগালের জোয়াও সোউসাকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন। তৃতীয় বাছাই মারে মেলবোর্নের গরম আবহাওয়ার মধ্যে সোউসাকে একটি ব্রেক পয়েন্টও নিতে দেননি। সবকিছু ঠিকঠাক মতো এগুলো মারের সাথে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে ফেদেরারের। এদিকে আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রো ৬-২, ৬-৪ ও ৬-২ গেমে বেঞ্জামিন বেকারের বিরুদ্ধে জিতে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে উঠেছেন। ডেল পোত্রো গত বছরের আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত এটাই তার সেরা সাফল্য।