মুনাফার কিছু অংশ ব্যয় করাই সিএসআর নয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
অর্জিত মুনাফা থেকে দরিদ্র্য মানুষের কল্যাণে কিছু ব্যয় করার মানে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা নয়। বরং স্বচ্ছতা ও জবাবদিহির সাথে জাতীয় ও আন্তর্জাতিক আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনাই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। গতকাল টেকসই ব্যবসা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন। রাজধানীর মতিঝিলে এমসিসিআই মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং এসআর এশিয়া বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। নির্ধারিত রীতি-নীতি, মূল্যবোধ, প্রথা ও রাষ্ট্রীয় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহবান জানান বক্তারা। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের সমন্বিত আর্থিক নীতির ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত চার বছরে গড়ে ৬ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। শিল্পায়ন ও দারিদ্র্য-বিমোচন কর্মসূচির প্রসারের ফলে এ সময় দেশের ৫ কোটিরও বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে ওঠে এসেছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআর এশিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. মফিজুর রহমান। এতে পৃথকভাবে দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের যুগ্ম-পরিচালক আবদুল বাকী চৌধুরী। সম্মেলনে অন্যান্যের মধ্যে এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এর উত্পাদনশীলতা বিশেষজ্ঞ বীরেন্দ রাতুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিটাকের পরিচালক ড. প্রকৌশলী ইহ্সানুল করিম, শিল্প উদ্যোক্তা নাসির উদ্দিন খান আলোচনায় অংশ নেন।