শেষ হলো গার্মেন্টস এক্সেসরিজের প্রদর্শনী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
চারদিন ব্যাপী গার্মেন্টস এক্সেসরিজের প্রদর্শনী গত বুধবার শেষ হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার শেষ দিনে দেশী বিদেশী ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যুানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) আয়োজনে এ বছর মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, থাইল্যান্ড, জাপানসহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। মেলায় দেশীয় ও বিদেশী মিলিয়ে ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নেয়। গ্যাপেক্সপো, গার্মেন্টেক ও ফেব্রিক্স এন্ড ইয়ার্ন নামে আলাদা তিনটি নামে এক্সেসরিজের এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার এ প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি একটি সেমিনারেরও আয়োজন করা হয়। রপ্তানি প্রবৃদ্ধিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের অবদান শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্যাংকারদের সংগঠন এবিবি’র সভাপতি নুরুল আমিন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএপিএমইএ’র গবেষণা, প্রশিক্ষন ও সেমিনার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান।