ডেমরায় পুলিশ চেকপোস্টে অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১০
রাজধানীর ডেমরায় পুলিশের গুলিতে হোসেন সরকার (২০) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি চেকপোষ্টে হোসেন পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে আরো দুই যুবককে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য দুই যুবক হচ্ছে সজীব ও মামুন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ডেমরা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনার দিন বিকাল ৫টার দিকে তিনি ডেমরার মহাকাশ রোড নামক স্থানের চেকপোষ্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল আরোহী তিন যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেন তিনি। এ সময় হঠাত্ করেই এক যুবক পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুলিটি ওই যুবকের ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। পরে মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃতরা সাদ্দাম মার্কেটের পাশে বসবাস করেন।