দেশের ৫ কোটিরও বেশি লোক নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে এসেছে - শিল্পমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১১
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, মহাজোট সরকারের গত চার বছরে শিল্পায়ন ও দারিদ্র্য-বিমোচন কর্মসূচির প্রসারের ফলে দেশের ৫ কোটিরও বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে উঠে এসেছে। গতকাল “টেকসই ব্যবসা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক এক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা জানান। রাজধানীর মতিঝিলে অবস্থিত এমসিসিআই মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। বাংলাদেশ এমপ্ল¬য়ার্স ফেডারেশন এবং এসআর এশিয়া বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। বাংলাদেশ এমপ্ল¬য়ার্স ফেডারেশনের সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআর এশিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম. মফিজুর রহমান। এতে পৃথকভাবে দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের যুগ্ম-পরিচালক আবদুল বাকী চৌধুরী।