সীমান্ত উত্তেজনায় স্থগিত হতে পারে মহিলা বিশ্বকাপ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৭
ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই অস্থিরতা বাড়তে থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মহিলা্ বিশ্বকাপের এবারের আসর আপাতত স্থগিত ঘোষণা করতে পারে। এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে। গত ৮ জানুয়ারি পাক-ভারত সীমান্তের কাছাকাছি স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের দুই সেনা সদস্যকে শিরশ্ছেদ করে হত্যা করলে ঐতিহাসিক সীমান্ত বিরোধ আবারও নতুন করে উস্কে ওঠে। এ ঘটনার পরে দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকলে বিরোধ ক্রমেই বড় আকার ধারণ করতে থাকে। ফলে এর প্রভাব পড়ে ভারতে আগামী ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপের এবারের আসরে। সূত্র এনডিটিভিকে জানায়, নিরাপত্তার কারণে তাই টুর্নামেন্টে পাকিস্তানের জাতীয় মহিলা ক্রিকেট দলকে আমন্ত্রণ নাও জানানো হতে পারে। চলমান ইন্ডিয়ান হকি লিগ থেকেও দেশে ফেরত পাঠানো হয়েছে টুর্নামেন্ট খেলতে ভারতে আসা নয় পাকিস্তানি খেলোয়াড়কে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে অনুরোধ জানিয়েছে টুর্নামেন্টটি অন্য কোন দেশে সরিয়ে নিতে যাতে পাকিস্তানের খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পারে। পিসিবির যুক্তি হল টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হলে আইসিসি এটিকে অন্য কোন দেশে সরিয়ে নেয়ার জন্য যথেষ্ট সময় পাবে। তাছাড়া এই টুর্নামেন্ট আইসিসির ভবিষ্যত্ কর্মপরিকল্পনার অংশ নয় বলে এটিকে স্থগিত করলে কোন ধরনের বিতর্কেরও অবকাশ নেই। অবশ্য প্রাথমিক আয়োজক দেশ থেকে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেবার ঘটনা আইসিসির জন্য এবারই প্রথম নয়। ২০০৯ সালেও নিরাপত্তার কারণে আইসিসি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেবারের আসর সরিয়ে নেয়। টুর্নামেন্টটি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।