প্রথম পর্বে বিজেএমসি ষষ্ঠ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:৩০
পেশাদার ফুটবল লিগে অফিস দল বিজেএমসি প্রথম পর্ব শেষ করল ষষ্ঠ স্থান নিয়ে। বিজেএমসি গতকাল বৃহস্পতিবার ২-০ গোলে আরামবাগকে হারায়। এ নিয়ে আট খেলায় ১১ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের লড়াই শেষ করে গতবারের চতুর্থ স্থান পাওয়া দলটি। গেলবার বিজেএমসি প্রথম পর্ব শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে। গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিজেএমসি এবার প্রায় প্রতিটি ম্যাচই ভালো খেলে। কিন্তু বিদেশি ফুটবলাররা এতো বেশি গোলের সুযোগ নষ্ট করেছে যে, শেষ পর্যন্ত তিনটির বেশি খেলায় জিততে পারেনি অফিস দলটি। এর মধ্যে মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল তাদের হাত ফসকে বেরিয়ে যায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কালকের খেলাটিতে জিতলেও এটি সহজ ছিল না বিজেএমসির জন্য। ২৮ মিনিটে নাইজেরিয়ান হেনরি চিনডো এবং ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর ইনজুরি টাইমে গিনির ইসমাইল বাঙ্গুরা গোল করেন। কাল ভালো খেলেছেন বিজেএমসির গোলকিপার আমিনুল। পড়তি ফর্মে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক আগের কয়েকটি ম্যাচে গোলপোস্টের নিচে অনেক সময় স্নায়ুর চাপে ভুগলেও এদিন তিনি আস্থার পরিচয় দেন। কালকের ম্যাচে আরামবাগের বিরুদ্ধে তিনি ভালো কয়েকটি আক্রমণ রুখে দেন। তার কারণেই প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও আরামবাগ কয়েকবার গোলের সুযোগ পেয়েও সেসব কাজে লাগাতে পারেননি। আরামবাগ এবার রেলিগেশনের আশংকার মধ্যে প্রথম পর্ব (১ জয়, ৭ হার) শেষ করল কেবল তিনটি পয়েন্ট পেয়ে। সমানসংখ্যক পয়েন্ট পেয়ে ব্রাদার্স, সকার ক্লাবও একই তালিকায় থাকলেও দল দুটির একটি করে ম্যাচ বাকি রয়েছে। আরামবাগ তাদের ফুটবল ইতিহাসে প্রথম পর্ব শেষ করল মাত্র তিন পয়েন্ট নিয়ে, সবার নিচে থেকে। আরামবাগের কোচ শাহাদাত হোসেন জানান, তার দল অনেক সুযোগ মিস করেছে বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিদেশি ফুটবলার পরিবর্তন করার কথা জানিয়েছেন এই কোচ। ম্যাচ জিতলেও অসন্তুষ্ট বিজেএমসির কোচ জাকারিয়া বাবু। তিনি বলেন, ম্যাচে নামার আগে আমার দু’টি লক্ষ্য থাকে। একটি হচ্ছে তিন পয়েন্ট পাওয়া, দ্বিতীয়টি হচ্ছে ভালো খেলা খেলতে হবে। কিন্তু প্রথমটি পেলেও দ্বিতীয়টি হয়নি।’ তিনি আরো বলেন, ‘আমার খেলাটা হচ্ছে নিচ থেকে খেলাটা গড়ে তোলা। সেটা হয়নি। যাই হোক, দ্বিতীয় পর্বে আমাদের সুযোগ আছে। দুইটা ম্যাচ ভালো খেললে আমরা একটা অবস্থানে চলে যাবো।’ আজকের খেলা সকার ক্লাব ঃ শেখ রাসেল (ফেনী স্টেডিয়াম, বেলা আড়াইটা)