পেশাদার ফুটবলের বড় দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবার যুব ফুটবলেও চমক দিতে যাচ্ছে। যুব ফুটবল দল গঠন করতে বিদেশি কোচ এনেছে ক্লাবটি। জাম্বিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী কোচ ওমর কয়েক দিন আগেই ঢাকায় এসেছেন। ঢাকায় তার দায়িত্ব হবে শেখ জামালের যুব ফুটবল দলকে কোচিং করানো। নতুন করে দল গঠনের জন্য এরই মধ্যে বাড্ডা জাগরণী সংসদ থেকে কিছু নতুন খেলোয়াড়কে দলভুক্ত করেছে ক্লাবটি।
পেশাদার ফুটবল লিগের নিয়ম অনুযায়ী সব দলেরই যুব ফুটবল দল থাকার কথা রয়েছে। এটা বাধ্যতামূলক হলেও ফুটবল ক্লাবগুলো এতো দিন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি; কিন্তু এই আইন বাস্তবায়ন করতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে বাফুফে। পেশাদার লিগের ক্লাবগুলোর জুনিয়র ফুটবল দল নিয়ে একটা টুর্নামেন্ট করার সিদ্ধান্তও এরই মধ্যে হয়ে গেছে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য হবে নতুন খেলোয়াড় তৈরি করা। ক্লাবগুলো যেন নিজেরাই খেলোয়াড় তৈরি করে তাদের সিনিয়র জায়গা করে দিতে পারে। এজন্য বাফুফে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আয়োজন করবে অনূর্ধ্ব-১৬ যুব ফুটবল টুর্নামেন্ট। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পেশাদার লিগের নয় দল এবং সাথে বিকেএসপিকে নিয়ে মোট ১০টি দল খেলবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। বাফুফে ভবনের পাশে স্থাপিত কৃত্রিম ফুটবল টার্ফে খেলাগুলো অনুষ্ঠিত হবে ।
টুর্নামেন্টে খেলার জন্য আবাহনী, মোহামেডান, শেখ জামালের মতো বড় ক্লাবগুলো বেশ ভালোভাবেই কোমর বেঁধে মাঠে নেমেছে। শেখ জামাল ইতোমধ্যে দল গঠন প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। মোহামেডানও এরই মধ্যে দেড় শতাধিক ফুটবলার নিয়ে বাছাই ক্যাম্প করেছে। সেখান থেকে ৫০ জনকে বাছাই করে সেরা ২৫ জন ফুটবলার নিয়ে টুর্নামেন্টের জন্য ক্যাম্প করবে মোহামেডান।
আবাহনী আগেই একটা দল বাছাই করে রেখেছে। তাদের সঙ্গে আরো কিছু খেলোয়াড় যোগ করতে পারলে বেশ শক্তিশালী একটা দল গঠন করা যাবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। সাবেক বর্ষীয়ান ফুটবলার অমলেস সেন এই যুব ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন।
শেখ রাসেল এখনো শুরু করেনি তাদের যুব দল গঠন প্রক্রিয়া। লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরই তাদের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
