আবারও নিষিদ্ধ হচ্ছেন ওয়ার্ন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:৩২
নতুন করে নিষিদ্ধ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান বর্ষীয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন। ঘরোয়া টি-২০ লীগের ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে ওয়ার্ন আবারো নিষিদ্ধ হচ্ছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে বেফাস মন্তব্য করে গত সপ্তাহে ক্ষমা চেয়েছেন এ বোলিং গ্রেট। ক্ষমা চাওয়ার পাশাপাশি বিগ ব্যাশ টি-২০ লীগে এক ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা দিয়েছেন তিনি। কিন্তু বুধবার রাতে সেমিফাইনালে পার্থ স্ফোরার্সের বিরুদ্ধে মেলবোর্ন স্টার্সের পরাজিত হওয়া ম্যাচে অফিসিয়াল অধিনায়ক হিসেবে তালিকায় নাম ছিল না ওয়ার্নের। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দলগুলোর অধিনায়কদের আচরণ বিষয়ে বিগ ব্যাশ লীগ (বিবিএল) কর্তৃপক্ষের কাছে সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে তারা। সিএ জানায়, ‘যদি কোন দলের অফিসিয়াল অধিনায়ক নির্বাচন করা হয় কিন্তু অধিনায়ক হিসেবে নাম না থাকে তবে বুঝতে হবে তার বিরুদ্ধে স্পিরিট অব ক্রিকেট এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগ রয়েছে।’ বিবৃতিতে বলা হয়, ‘ওয়ার্নের বিরুদ্ধে সিএ’র আচরণবিধি ভঙ্গের অভিযোগ রয়েছে।’ ওয়ার্নের বিরুদ্ধে শুনানি গ্রহণের দিন-তারিখ এখনো ঠিক হয়নি।-বাসস