যে সকল শিশু বা বয়স্ক রোগী প্রতি দিনের প্রয়োজনীয় খাবার মুখে খেতে পারে না তাদের পি ই জি প্রয়োজন। পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি (পি ই জি) হচ্ছে এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে পেটের ত্বকে সামান্য ছিদ্র করে পাকস্থলীতে সরাসরি ফিডিং টিউব বা খাদ্য নল স্থাপন করা হয়। যে সকল রোগী মুখ দিয়ে খাবার খেতে পারে না তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে খাবার দিয়ে পুষ্টি নিশ্চিত করা হয়। যেমন স্ট্রোকে আক্রান্ত অনেক রোগী যারা খাওয়ার সময় খাদ্যনালীর দূর্বল মাংসপেশীর নিয়ন্ত্রণের কারণে অনেক খাবার খেতে পারে না অথবা মূখ দিয়ে খাওয়ার সময় খাবার ফুসফুসে চলে যায়। পি ই জি টিউব স্থাপনের ফলে অনেক ক্ষেত্রে এসব রোগীরা উপযুক্ত পুষ্টি পেয়ে উপকৃত হয় এবং হঠাত্ করে ফুসফুসে খাদ্য কিংবা খাদ্য রস প্রবেশ করে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পায়।
কিভাবে পি ই জি টিউব স্থাপন করা হয়
এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে পাকস্থলী ও অন্ত্রের ভিতরটা দেখে পি ই জি টিউব স্থাপন করা হয়। রোগীর অস্বস্তি রোধের জন্য ঘুমের ওষুধ সেবন করানো হয়। পেটে ছোট্ট একটি ছিদ্র তৈরী করা হয়। এই ছোট্ট ছিদ্রের মাধ্যমে পাকস্থলীতে পি ই জি টিউব স্থাপন করা হয়। এই পদ্ধতি শেষ হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
পিইজি টিউব স্থাপনের পর বাইরে থেকে দেখতে কেমন হয়
পি ই জি টিউব দেখতে কলমের মত গোলাকৃতি। পেটের ছিদ্র হতে এই টিউব ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বাহিরের দিকে বের হয়ে থাকে। ফিডিং টিউবের চারপাশে একটি ডিস্ক বা ডিভাইস স্থাপিত থাকে যা পেটের ত্বকের সাথে লেগে থাকে। একে অনেকটা গোলাকৃতি বালিশ বা পেয়ালার মতো দেখায়। এর ফলে টিউবটি পেটের মধ্যে থেকে সামনের দিকে আটকে থাকে। বাহিরের অংশের শেষের দিকে টুপির মতো একটি প্লাগ থাকে। এটি এক বা দুই ছিদ্র বিশিষ্ট প্লাগ হয়ে থাকে। এই প্লাগ পেটের ত্বকের কাছাকাছি জামা-কাপড় আসতে বাধা সৃষ্টি করে ও ছিদ্রকে রক্ষা করে। খাদ্য, ওষুধ এবং পানি সরবরাহের সময় ফিডিং টিউবের এই প্লাগকে খোলা হয়।
পি ই জি টিউবের মাধ্যমে কি পুষ্টি ও ওষুধ সরবরাহ করা যায়
পি ই জি টিউব স্থাপনের পর
একজন পুষ্টিবিদ, নার্স , ফার্মাসিস্ট বা একজন চিকিত্সক যিনি
রোগীর প্রয়োজনীয় পুষ্টি সম্পর্কে ধারণা রাখেন তারই রোগীকে পর্যবেক্ষণ করা উচিত। দিনে একজন রোগীর কি পরিমাণ শর্করা, আমিষ এবং তরলসহ পুষ্টিকর খাবার দরকার। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সকল ধরণের ফরমুলেটেড খাবারই ফিডিং টিউবের মাধ্যমে খাওয়ানোর জন্য প্রস্তুত করা হয়। বেশির ভাগ
ওষুধ ট্যাবলেট বা পিল আকারে থাকে, এই ওষুধকে গুঁড়া করে পানির সাথে মিশিয়ে টিউবের মাধ্যমে প্রবেশ করানো যায়। এছাড়াও তরল ওষুধ সেবনের পরামর্শ প্রদান করা যেতে পারে।
পি ই জি টিউব কি চিরস্থায়ী
ওষুধ সেবনের উপর নির্ভর করবে একটি পি ই জি টিউব অল্প সময়ের জন্য নাকি দীর্ঘ সময়ের জন্য ব্যবহূত হবে। মাইনর স্ট্রোকের
পরে যখন রোগী আস্তে আস্তে সুস্থ হতে থাকে এবং খাদ্য ও পুষ্টি মুখে খেতে পারে তখন ক্ষণস্থায়ী টিউব স্থাপন করা হয়। আবার মারাত্মক নিউরোলজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে ফিডিং টিউব দীর্ঘ সময়ের জন্য স্থাপিত হয়। এছাড়া ফিডিং টিউব প্রয়োজন অনুযায়ী খুব সহজেই অপসারণ করা যায়।
পি ই জি টিউবকে কিভাবে অপসারণ করা হয়
শুধুমাত্র প্রশিক্ষিত চিকিত্সক দ্ব্বারাই পি ই জি টিউব অপসারণ করা উচিত। যদি টিউবের ভিতরের মাশরুমের মতো অংশটি নমনীয় হয় তবে এটিকে টান দিয়ে বের করা যায়। এতে ছিদ্রের কাছে সামান্য হুল ফোটার মতো ব্যথা এবং সামান্য জ্বালাপোড়া অনুভূত হতে পারে। যদি এটির ভিতরের অংশ বেলুনের মতো গোলাকৃতি হয় তবে এর ভিতরের বাতাস বের করে টিউবটি অপসারণ করতে হবে।
প্রফেসর ডাঃ আনিসুর রহমান
কো-অর্ডিনেটর এন্ড সিনিয়র কনসালটেন্ট
জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি
এ্যাপোলো হসপািটালস ঢাকা
