শেখ জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সূর্য তখন যাই যাই করছে। মাঠে অনুশীলনে ব্যস্ত কখনোই আফ্রিকান নেশন্স কাপের শিরোপার দেখা না পাওয়া দুর্ভাগা এক দল। আইভোরি কোস্টের সতীর্থদের থেকে একটু দূরেই হাঁটছেন দিদিয়ের দ্রগবা। ৩৪ বছর বয়সী অধিনায়ক হয়তো ভাবছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সূর্যাস্তের কথা। আজ থেকে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক দল ও ক্যাপ ভার্দে আইল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে শুরু হতে যাওয়া আফ্রিকান নেশন্স কাপই দ্রগবার শেষ সুযোগ মহাদেশটিতে নিজেকে প্রমাণ করার।
জার্ভিনহো, ইয়াইয়া তোরে, কোলো তোরে, সলোমন কালু; প্রত্যেকেই ইউরোপিয়ান ফুটবলের পরিচিত নাম। মাঠের পারফরমেন্স দিয়ে ক্লাবগুলোর ভরসা রাখছেন নিয়মিত। আর সাথে দ্রগবা তো আছেনই। এতো কিছুর পরেও বর্তমান দলটি এখন পর্যন্ত মহাদেশের সেরা হতে পারেনি একবারও। বড় এক বিষ্ময়! অথচ ২১ বছর আগে সেনেগালকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করেছিল আইভরি কোস্ট।
আইভরি কোস্ট ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল ও ফ্রান্সের উপরে অবস্থান করছে। স্বাভাবিক ভাবে গত চারবারের মতো এবারও ফেবারিটদের তালিকায় উপরের দিকেই আছে দেশটি। সর্বশেষ চার আসরের শেষ দুটিতে ফাইনাল পর্যন্ত যায় ‘আফ্রিকান হাতি’ নামে অভিহিত দলটি। গতবার জাম্বিয়ার কাছে ফাইনালে টাইব্রেকারে ৮-৭ গোলে হারতে হয় দ্রগবাদের। বাকি দুটিতে সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তারা। আইভরি কোস্টের সোনালি প্রজন্মের সামনে তাই নিজেদের প্রমাণের এটাই শেষ সুযোগ।
দুবারের আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জয়ী দ্রগবা গতবারের ফাইনালে একটি পেনাল্টি নষ্ট করেন। এই যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় তাকে। তবে, এরপর ক্লাব ফুটবলে দারুণভাবেই সকল সমালোচনার জবাব দেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সমতাসূচক গোল করেন, গোল করেন পেনাল্টি থেকেও। ইতি টানেন ইংলিশ ক্লাব চেলসির হয়ে আট বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের।
দ্রগবা বলেন, ‘সোনালি প্রজন্মের জন্য এটাই শেষ নয়। এটা অবশ্যই আমার শেষ সুযোগ। তবে, বাকি দল খেলে যাবে এবং আমি নিশ্চিত এরা ট্রফি নিয়েই দেশে ফিরবে। দলের অধিনায়ক হিসেবে আমার দলের সবার কথাই ভাবতে হয়। আর আমি জানি দলে এমন অনেকেই আছে যারা দুটি, তিনটি, চারটি এমনকি পাঁচটি পর্যন্ত টুর্নামেন্ট খেলার সামর্থ রাখে।’
বর্তমানে চীনের সাংহাই শিনহুয়ার হয়ে খেলছেন দ্রগবা। আসন্ন লড়াইয়ের প্রাক্কালে বৃটেনের ডেইলি মেইলকে বলেন, ‘আমি নিজেকে নিয়ে ভাবি না। আমার চিন্তা দল নিয়ে। আফ্রিকান নেশন্স কাপ আমরা অবশ্যই জিতবো। সেটা আজ হোক বা কাল হোক। আমি দলে থাকি কি না থাকি; জয় আমাদের আসবেই। আর আমি দলে না থাকলেও সেই বিজয়ে আমার অবদান থাকবেই। কারণ, গত দশ বছর আমি দলের সাথে আছি আর এই পর্যায়ে আসার পিছনে আমারও অবদান আছে।’
জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৬ গোল করা দ্রগবা জানালেন এবারও শিরোপার দিকেই দৃষ্টি থাকবে তার দলের, ‘সত্যি কথা বলতে, প্রতিবার খালি হাতে ফিরে আসতে আসতে দল ক্লান্ত হয়ে পড়েছে। সবাই এবার একটি ট্রফি চায়।’
এখন দেখার বিষয় দ্রগবার শেষটা ভালো হয় নাকি।
গ্রুপ ‘এ’ : অ্যাঙ্গোলা, কেপ ভার্দে আইল্যান্ডস, মরোক্ক, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’ : কঙ্গো, ঘানা, মালি, নাইজার
গ্রুপ ‘সি’ : বুরকিনা ফ্যাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া, জাম্বিয়া
গ্রুপ ‘ডি’ : আলজেরিয়া, অইভোরি কোস্ট, টোগো, তিউনেশিয়া
