মারিয়া শারাপোভা অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে একতরফা খেলে উড়িয়ে দিলেন ভেনাস উইলিয়ামসকে। রুশিটির মতোই চতুর্থ রাউন্ডে পা রেখেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ, চীনের লি না এবং পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাদওয়ানেস্কাও। পুরুষ এককে শীর্ষ বাছাইদের মধ্যে প্রত্যাশিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, টমাস বার্ডিস, ডেভিড ফেরার এবং নিকোলাস আলমেগ্রো।
বছরের প্রথম গ্রান্ড স্ল্যামে এখন পর্যন্ত অনুষ্ঠিত খেলাগুলোর মধ্যে সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের একসময়ের সাবেক এক নাম্বারদ্বয়। তবে ম্যাচটা হল দারুণ একপেষে। বলা যায়, শারাপোভার কাছে এক রকম আত্মসমর্পণই করতে হল আমেরিকার ভেনাস উইলিয়ামসের। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের কাছে কোন পয়েন্ট না খোয়ানো শারাপোভা এদিনও হয়তো মাঠে নেমেছিলেন প্রতিপক্ষকে আরেকটি জোড়া শূন্য উপহার দিতে। তবে সে চেষ্টায় সফল না হলেও উইলিয়ামসদের বড় বোনকে উড়িয়ে দিয়েছেন ৬-১.৬-৩ সেটে।
মেলবোর্নের কোর্ট ভর্তি দর্শকদের হতবাক করে দিয়ে রাশিয়ান গ্লামার কুইন প্রথম সেটে এক পর্যায়ে এগিয়ে যান ৪-০ গেমে। মাত্র একটি পয়েন্ট খুইয়ে প্রথম সেট জয়ের পরে দ্বিতীয় সেটেও তার দারুণ উজ্জীবিত নৈপুণ্যের সামনে দাঁড়াতেই পারেনি ভেনাসের পাওয়ার টেনিস। শেষ পর্যন্ত ৩২ বছর বয়সী আমেরিকানকে বিদায় নিতে হয় টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই। চতুর্থ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে জয় পেয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচও। এই সাবেক এক নাম্বার তার স্বদেশী ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়েছেন ৭-৫,৬-৩ সেটে। তিন বছর আগেও এই দু’জনের কোন গ্রান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে দেখা হওয়ার কারণ র্যাঙ্কিংয়ে দু’জনের অবস্থানই ছিল উপরের দিকে। তবে সময় দু’জনকেই ঠেলে দিয়েছে অনেক দূরে। ইভানোভিচ এই টুর্নামেন্টের ১৩তম বাছাই আর ইয়াঙ্কোভিচ ২২তম। তবুও দু’জনের পুরনো বৈরীতা এই ম্যাচে যোগ করেছিল আলাদা আবহ। ম্যাচ শেষে দু’জনের মধ্যকার এই প্রতিযোগিতা সম্পর্কে ইভানোভিচ বলেছেন, ‘আপনি যার বিরুদ্ধেই খেলেন না কেন এটা থাকবেই। আর বিশেষ করে সে যদি আপনার স্বদেশী হয় তাহলে এটা আরও বেশি করেই থাকবে। এক সময় আমাদের দু’জনেরই চেষ্টা ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের এবং গ্রান্ড স্ল্যাম জেতার।’ চতুর্থ রাউন্ডে ইভানোভিচ মুখোমুখি হবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই অগ্নিয়েস্কা রাদওয়নেস্কার।
গত শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে রাদওয়ানেস্কা ব্রিটেনের হিদার ওয়াটসনকে ৬-৩,৬-১ সেটে হারান। এ নিয়ে টানা ১২ ম্যাচ জিতলেন রাদওয়ানেস্কা। তাই বলাই যায় চতুর্থ রাউন্ডে শক্ত একটা বাধাই অপেক্ষা করছে ইভানোভিচের জন্য। টুর্নামেন্টে এশিয়ার নিশান উড়িয়ে চলা চীনের লি না রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়াকে ৬-৪,৬-১ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের পঞ্চম বাছাই অ্যাঞ্জেলিক কিরবার তার ২৫তম জন্মদিন উদযাপন করেছেন আমেরিকার ম্যাডিসন কি কে ৬-২,৭-৫ সেটে হারিয়ে।
এদিকে পুরুষ এককে প্রত্যাশিত জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেকের বিরুদ্ধে তার জয়টা ছিল অবশ্য ঘাম ঝরানো। বেশ কয়েকবারই তাকে ঝামেলায় ফেলা এই ৩৪ বছর বয়সী শেষ পর্যন্ত হার মেনে নিতে বাধ্য হন ৬-৪,৬-৩,৭-৫ সেটে।
জয়ের পরে খেলার পাশাপাশি জোকোভিচকে প্রশ্ন করা হয় ক্রিড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি ল্যান্স আর্মস্ট্রংয়ের বিষয়েও। জোকোভিচ সরাসরি জানিয়ে দেন,‘তার (আর্মস্ট্রং) মতো অ্যাথলেট গোটা ক্রিড়াঙ্গনের জন্যই কলঙ্ক। সে খেলার এই জগত্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ চতুর্থ ও পঞ্চম বাছাই ডেভিড ফেরার এবং টমাস বার্ডিস জয় পেয়েছেন যথাক্রমে মার্কাস বাগতাদিস এবং জার্গেন মেলজারের বিরুদ্ধে। দশম বাছাই নিকোলাস আলমেগ্রো ৭-৬(৭-৩),৭-৬(৭-৪),৬-১ সেটের কষ্টার্জিত জয় পেয়েছেন জর্জি জোকোভিচের বিরুদ্ধে।
