নোট জালিয়াতিতে মৃত্যুদণ্ডের সুপারিশ প্রত্যাহার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১১
বাংলাদেশে টাকা জাল করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে নোট জাল করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার সুপারিশ করা হয়েছে, এমন সংবাদ পেয়ে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রকল্পে সহযোগিতা স্থগিত রাখার ঘোষণা দেয়। জার্মানির কেন্দ্রীয় ডয়েশ বুন্ডেস ব্যাংক এক বিবৃতিতে জানায়, নোট জাল করা গুরুতর অপরাধ এতে কোন সন্দেহ নেই, কিন্তু এর শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার হুমকিকে তারা বাড়াবাড়ি বলে মনে করে। এর পরপরই গতকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সুপারিশ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ঘোষণায় উল্লেখ করা হয়েছে ‘অসাবধানতাবশত পূর্ণ পর্যালোচনা ব্যতিরেকেই প্রস্তাবটি সরকারের নিকট প্রেরণ করা হয়েছিল; যা এখন প্রত্যাহার করা হচ্ছে’। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি তারা ইতিমধ্যে জার্মান কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিভাবে এ রকম একটি সুপারিশ করা হয়েছিল তা নিয়েও তদন্ত করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। গভর্নর আরো জানিয়েছেন, যারা জালনোট ছড়ায়, তারা নিঃসন্দেহে বড় ধরনের অপরাধী। তাদের শাস্তিও হওয়া উচিত। কিন্তু তাই বলে এত বড় শাস্তি না দিলেও চলবে। আমরা সেরকম একটা ভারসাম্যপূর্ণ আইন করার জন্য পাঠাবো। উল্লেখ্য, জার্মানির ডয়েশ বুন্ডেস ব্যাংকের এ প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল আগামী মাসে। তাদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যখন এ প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়, তখন এ বিষয়টি তাদের গোচরে ছিল না। এ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং পরামর্শ সেবা দেয়ার পরিকল্পনা ছিল বলে সূত্র জানায়।