শিশুদের মধ্যে ক্রমবর্ধমান আগ্রহের কথা ভেবে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের অ্যাডভেঞ্চার স্কুল টানা এক সপ্তাহের জন্য আয়োজন করা হচ্ছে এবার ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের পাশের খেলার মাঠে। অ্যাডভেঞ্চার স্কুলটি আজ শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
কৃত্রিম ক্লাইম্বিং ওয়াল, এভারেস্ট সদৃশ পাহাড়, অ্যাডভেঞ্চার হাট, চিন আপ, মাংকি ব্রিজ, খাঁড়া রশি বেয়ে ওঠা, রোপ ব্রিজ ইত্যাদি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে এই ভ্রাম্যমাণ “অ্যাডভেঞ্চার স্কুল”। বড়দের জন্য তো বটেই, এই অ্যাডভেঞ্চার স্কুলের লক্ষ্য স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া।
অ্যাডভেঞ্চারের মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের লাইফস্টাইল বদলে দেয়া এবং তাদের ব্যক্তিত্ববান করে গড়ে তোলার এই কার্যক্রম শুরু করেছে মুসা ইব্রাহীমের পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমী।
অ্যাডভেঞ্চার স্কুলের সব সময়ই ‘সেফটি ফার্স্ট’ নীতি মেনে চলে এবং প্রতিটি আইটেমেই থাকছে “স্টেট অব দি আর্ট” নিরাপত্তা। হারনেস, রোপ, ক্যারাবিনার, পুলি ইত্যাদিসহ পর্বতারোহণের সরঞ্জাম ব্যবহার করে অ্যাডভেঞ্চার স্কুলের সবগুলো আইটেমই হবে আনন্দপূর্ণ। স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা আরও পাচ্ছে অটোগ্রাফসহ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের একটি ছবি এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ।
