বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড হিসাবে মিরেজ সেডান কার উত্পাদনে মিটসুবিসির আগ্রহ প্রকাশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১২
বাংলাদেশের জাতীয় ব্রান্ড হিসাবে মিরেজ সেডান কার উত্পাদনের আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি মিটসুবিসি মোটরস কর্পোরেশন। প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে এ কার উত্পাদনের জন্য কারখানা স্থাপনে আগ্রহী। এ লক্ষ্যে তারা প্রাথমিকভাবে ৪শ’ কোটি টাকা বিনিয়োগ করবে। মিটসুবিসি মোটরস কর্পোরেশনের এশিয়া ও আসিয়ান অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মাসিকো ইউকি বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্পমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে র্যাংগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো আর চৌধুরী, মিটসুবিসি মোটরস কর্পোরেশনের এশিয়া অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা তাটসুকাজু কিনোসিটা, বাংলাদেশি উদ্যোক্তা ফয়েজ আহমেদ, র্যাংগস লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন শফি তানভিরসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—তথ্য বিবরণী