বিএনপির কর্মকাণ্ডই প্রমাণ করে দলটির ভাঙ্গন সময়ের ব্যাপার মাত্র: হানিফ

আপডেট : ০১ মে ২০১৯, ১৭:০৫

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, 'বিএনপির কর্মকাণ্ডই প্রমাণ করে বিএনপির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র'। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, 'বিএনপির নেতাদের কর্মকাণ্ডে প্রমাণ করছে যে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট। দলটির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি মহাসচিব এ ধরনের অপকৌশল অবলম্বন করে দলটির ভাঙ্গন ঠেকিয়ে রাখতে পারবেন না'।

তিনি আরও বলেন, 'মির্জা ফখরুল তার শপথ না নেওয়াকে রাজনৈতিক কৌশল বলে দাবি করেছেন। কিন্তু আমি বলব, এটা তার রাজনৈতিক কৌশল নয়, এটা তাদের অপকৌশল। বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য জাতীয় সংসদে যোগদান করেছেন। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদান করেন নি। এটাই প্রমাণ করে বিএনপির ভাঙ্গন অনেকটাই নিশ্চিত'।

আরও পড়ুন:   নুসরাত হত্যা: এডিসি ও এসপি-ওসির গাফিলতি, শাস্তির সুপারিশ

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি