সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭১৮ নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুর্বল ইঞ্জিনের কারণে লাউয়াছড়া পাহাড়ি এলাকায় আটকা পড়ে। পাহাড়ি এলাকা থেকে ট্রেনটি পরবর্তীতে ভানুগাছ স্টেশনে অবস্থান নেয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়লে দেড় ঘন্টা পর শ্রীমঙ্গল থেকে পারাবত ট্রেনের ইঞ্জিন এসে শ্রীমঙ্গল নিয়ে যায়।
জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে দশটায় ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। ভানুগাছ স্টেশন থেকে প্রায় ৩কি.মি. দূরত্বে লাউয়াছড়া পাহাড়ি এলাকায় দুর্বল ইঞ্জিনের কারণে ট্রেনটি সামনের দিকে অগ্রসর হতে পারেনি। ফলে পিছনে ব্যাক করে ভানুগাছ স্টেশনে এসে অবস্থান করে। পরবর্তীতে শ্রীমঙ্গলে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এসে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটিকে শ্রীমঙ্গলে নিয়ে যায়। ঘটনার ভানুগাছ স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বলেন, ইঞ্জিনের দুর্বলতার কারণে ট্রেন দেড়ঘন্টা আটকা পড়লে ১১টা ৫৫মিনিটে পারাবত ট্রেনের ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে যায়।
