সম্প্রচার বিভ্রাট

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:৩০
অগোছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার নিয়েও ঝট পাকিয়ে ফেলেছে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। চ্যানেল নাইনের মাধ্যমে বিটিভি ও ইএসপিএন উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও কার্যত এই দুটি চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করেনি। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, চ্যানেল নাইন, বিটিভি ও ইএসপিএন উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। কিন্তু সারাদেশের দর্শকরা এই দুটি চ্যানেলে অনুষ্ঠান দেখতে পারেননি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইত্তেফাক অফিসে পাঠকরা ফোন করে তাদের ক্ষোভ জানিয়েছে। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যা, ‘সম্প্রচারের বিষয়ে আমাদেরকে গেম অন জানিয়েছে। আমাদেরকে গেম অন ভুল তথ্য দিয়েছে। এটা তাদেরই ব্যর্থতা। তাদের এই আচরণে আমরা হতাশ। আমাদেরকে তারা বোকা বানিয়েছে’। বোর্ডের সাথে ছয় বছরের চুক্তি হওয়া গেম অন স্পোর্টস এবারের বিপিএলের পুরো আসরে নিজেরাই দায়িত্ব নিয়েছে। গত আসরে বিপিএল গভর্নিং কাউন্সিলর কিছু কিছু দায়িত্ব পালন করলেও এবার গেম অন নিজেরাই আয়োজক হয়েছে। আয়োজকের দায়িত্ব নিয়ে উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কেন ভুল তথ্য দিল তা নিয়ে বিসিবিও বিব্রত। কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘সম্প্রচার নিয়ে কেন গেম অন ভুল তথ্য দিল এটা আমরা তাদেরকে জিজ্ঞেস করবো’।