ভারত ও ইংল্যান্ডের সামনে আজ এগিয়ে যাওয়ার লড়াই

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:০৫
ভারত দল (সম্ভাব্য) : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীচন্দ্রন অশ্বিন, অশোক দিন্দা, গৌতম গম্ভীর, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, ভুবেনশ্বর কুমার, অমিত মিশ্র, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, শামি আহম্মেদ, ইশান্ত শর্মা, রোহিত শর্মা ও যুবরাজ সিং। ইংল্যান্ড দল (সম্ভাব্য) : অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জস বাটলার, জেড ডার্নবাচ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, স্টুয়ার্ট মিকার, ইয়োইন মরগান, সামিত প্যাটেল, কেভিন পিটারসেন, জো রুট, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়াকস। ভারত ও ইংল্যান্ড প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জেতার পর পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ শনিবার রাঁচিতে মুখোমুখি হচ্ছে উভয় দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় শুরু হবে খেলাটি। ইংল্যান্ড ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রাজকোটে প্রথম ওয়ানডে জিতেছিল ৯ রানে। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘুরায় সফরকারী ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যানরা রানের দেখা পাওয়ায় ভারতকে ৩২৬ রানের বড় টার্গেট দিতে পেরেছিল ইংল্যান্ড। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের স্বাদ পায় অ্যালিস্টার কুকের দল। ভারত অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যানদের ব্যর্থতায় দারুণভাবে সিরিজে ঘুরে দাঁড়ায়। কোচিতে ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৫৮ রানেই অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। তাই সিরিজে ১-১ সমতা নিয়েই ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে ইংল্যান্ড। কিন্তু রাঁচির নতুন ক্রিকেট ভেন্যুতে এসে গা গরম করেনি সফরকারীরা। মানসিকভাবে চাঙ্গা থাকতে হোটেলেই সময় পার করেছে ইংলিশরা। স্বাগতিকরা অবশ্য রাঁচিতে এসেই অনুশীলনে ব্যস্ত সময় কাটায়। শারীরিক কসরত ছাড়াও ব্যাট-বল দিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তুলনামূলকভাবে ইংল্যান্ডের চাইতে প্রথম দুই ম্যাচে ভাল নৈপুণ্য দেখিয়েছে ভারত। কেননা প্রথম ম্যাচে হারলেও বড় টার্গেটে খেলতে নেমে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মেনে নিতে হয় মহেন্দ্র সিং ধোনির দলকে। তবে প্রথম ম্যাচের ব্যর্থতাকে পিছনে ফেলে দ্বিতীয়টিতে ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগে চোখ জুড়ানো পারফরমেন্স দেখায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও নিজ মাঠে ভারতীয় দলের দুশ্চিন্তা উপরের সারির ব্যাটসম্যানদের নিয়ে। কেননা তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। বিশেষভাবে গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও যুবরাজ সিং। এই তিন ব্যাটসম্যানের ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতেও বেকায়দায় পড়েছিল ভারত। শেষ পর্যন্ত সুরেশ রায়না-ধোনি ও জাদেজার কল্যাণে বড় স্কোর দাঁঁড় করাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। বোলারদের নিয়ে অবশ্য খুব বেশি চিন্তা করতে হচ্ছে না টিম ম্যানেজম্যান্টকে। কারণ সর্বশেষ খেলায় নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছে ভারতীয় বোলাররা। কোচিতে বোলারদের ভেল্কিতেই ১২৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে স্বাগতিক দল। নতুন ‘সেনসেশন’ ভুবেনশ্বর কুমার ও রবীচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট নেন। ইংল্যান্ড শিবিরে ইনজুরি নিয়ে কোন সমস্যা না থাকলেও ভারতীয় দল এ থেকে মুক্ত নয়। কেননা অনুশীলনে ডান হাতে ব্যথা পেয়েছেন ধোনি। তাই তাকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও বড় কোন সমস্যা নয় বলে জানালেন দলের ম্যানেজার সাতিশ, ‘আগের চাইতে সে এখন অনেক সুস্থ আছে। আপাতত তার কোন এক্সরের প্রয়োজন নেই। সে এখন শংকামুক্ত।’ - বাসস