শেখ রাসেল ক্রীড়া চক্র গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় গতকাল শুক্রবার ৩-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারায়। এ জয়ে আট খেলায় ১৯ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠে পেশাদার লিগের প্রথম পর্ব শেষ করলো শেখ রাসেল। দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে স্থানীয় দর্শকদের কিছু বুঝে ওঠার আগেই ষষ্ঠ মিনিটে লিংকনের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। কিন্তু ২৬ মিনিটে সজিবের দর্শনীয় হেডে ফেনী সকার সমতা ফিরে আনতে সক্ষম হয়। এ গোলে স্বাগতিকরা লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগালেও বিরতির দুই মিনিট আগে শেখ রাসেল আবারো এগিয়ে যায়। গোলটি করেন জাহিদ।
অসম এই দুই প্রতিপক্ষ প্রধমার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলাটি প্রাণবন্ত করে রাখলেও পরবর্তীতে আর তা বজায় থাকেনি। এরকম লড়াই দেখে গ্যালারীতে উপস্থিত স্থানীয় দলের সমর্থকরাও ছিল উত্পুল্ল। কিন্তু খেলার দ্বিতীয়ার্ধ ছিল শেখ রাসেলের নিয়ন্ত্রনে। ফেনী সকার ক্লাব ছিল রক্ষনাত্বক। শেখ রাসেলের গোল পোষ্টের সামনে স্থানীয় দল দু চারটি বল নিয়ে যেতে পারলেও সেসব ঠিকানা খুঁজে নিতে পারেনি। সে তুলনায় অতিথি দলটি অনেক গুলো গোলের সুযোগ নষ্ট করেছে। দ্বিতীয়ার্ধের খেলা আসলে হয়েছে ফেনী সকার ক্লাবের সীমানায়।
শেখ রাসেলের মামুন ৮৭ মিনিটে সুন্দর শটে ফেনী সকারের জালে বল পাঠালে নিশ্চিত হয়ে যায় দলের জয়।
প্রথমার্ধে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখ রাসেল এবং ফেনী সকারের দুই খেলোয়াড়ের মধ্যে মাঠে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে কিছু সময়ের জন্য উত্তেজনাও দেখা দেয় এবং ৩/৪ মিনিট খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়।
এই হারে পেশাদার লিগে ঢাকার বাইরের একমাত্র দল ফেনী সকার ক্লাব আগের পাওয়া তিন পয়েন্টেই দাড়িয়ে থেকে রেলিগেশন শংকা বাড়াল।
