মার্কিন ফার্স্ট লেডির টুইটার পাতা
টুইটারে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার নতুন পাতা খোলা হয়েছে। নতুন এ পাতাটি মার্কিন ফার্স্ট লেডির কার্যালয় থেকে পরিচালনা করা হবে। তবে মিশেল ওবামা নিজেই যে ‘টুইট’গুলো লিখবেন সেগুলো তার নামের আদ্যাক্ষর ‘এমও’ দিয়ে পোস্ট করা হবে। বৃহস্পতিবার ফার্স্ট লেডি মিশেল ওবামার ৪৯তম জন্মদিনে নতুন এ পাতাটি খোলা হয়। পাতা খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ১৬ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এ পাতা অনুসরণ করা শুরু করেন। পাতার প্রথম ‘টুইটে’ ফার্স্ট লেডিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আহ্বান করা হয় অনুসারীদের। এর আগে মিশেল ওবামার নিজের নামের পাতাটিতে ২৬ লাখ ৪০ হাজার অনুসারী ছিলো। ২০১২ সালের জানুয়ারিতে বারাক ওবামা পুনঃনির্বাচনের জন্য প্রচারণা শুরুর সময় ওই পাতাটি চালু করে ওবামার প্রচারণা শিবির। তবে ৬ নভেম্বর ওবামা পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে ওই পাতায় টুইট করা অনিয়মিত হয়ে পড়ে।—এনডিটিভি
মুম্বাইয়ে স্কুলবাসে শিশু ধর্ষণ
এবার মুম্বাইয়ের একটি স্কুলবাসে চার বছর বয়সী নার্সারির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হল। ধর্ষণের অভিযোগে স্কুলবাসেরই ৩৫ বছর বয়সী কন্ডাকটর রমেশ রাজপুতকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলবাসে করে ওই শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেয়ার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে ওই মেয়েশিশুটি যৌন নির্যাতনের শিকার হয়। স্কুলবাসে করে বাড়ি পৌঁছে দেয়ার সময় সেই ছিল শেষ ছাত্রী। ওই সময় কোনো শিক্ষক বাসে ছিল না। এ ঘটনা ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা স্কুলে জানানোর পর পুলিশের কাছে অভিযোগ করলে তার ভিত্তিতে সন্দেহভাজন ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়।—এনডিটিভি
