বলিউডের সাবেক সুন্দরী ও অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘গুজারিশ’, তাও মুক্তি পায় ২০১০ সালে। তারপর থেকে অনেকগুলো সময় চলে গেল ঐশ্বরিয়ার নতুন কোনো ছবি নেই, কারণ মা হয়েছেন তিনি। তবে এগুলো সবই পুরোনো খবর। গত প্রায় মাস ছয়েক আগে ঐশ্বরিয়া ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই চলচ্চিত্রে ফিরবেন তিনি। আর সেই থেকেই স্ক্রিপ্ট দেখে যাচ্ছেন একের পর এক। কিন্তু কোনো গল্পেই মন বসছে না ঐশ্বরিয়ার। সম্প্রতি এক সাক্ষাত্কারে ঐশ্বরিয়া বলেন, ‘না হলেও এই ছয় মাসে আমি পঞ্চাশটি স্ক্রিপ্ট পড়েছি। কিন্তু কোনো গল্পই আমার কাছে ভালো লাগল না। মাঝের এই বিরতিতে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। তবে মা হওয়ার বিষয়টি বেশ উপভোগ করছি। গল্প পড়ছি আর আরাধ্যকে নিয়ে আরাধনা করছি। কিন্তু কবে যে আমি আমার মনমতো গল্প খুঁজে পাব তাই মাথায় ধরছে না। তবে এবার খুব ভালো গল্প না পেলে অভিনয়ে ফিরব না।’
