পদ্মা সেতুর সঙ্গে আমার নাম স্মরণীয় হয়ে থাকবে :গোল্ডস্টেইন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:১৬
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ায় পদ্মা সেতু প্রকল্পের সাথে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। এ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো মাইল ফলক হয়ে থাকবে। জনগণ অর্থের অপচয় দেখতে চায় না। আর সাধারণ মানুষও তার নেয়া পদক্ষেপকে বিশ্বাস করে বলেও দাবি করেন তিনি। গতকাল শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১১-২০১৪ মেয়াদে চলমান প্রকল্পগুলোর সর্বশেষ পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে দিনব্যাপী এক পর্যালোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইআরডি’র অতিরিক্ত সচিব আরাস্তু খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইআরডি সচিব আবুল কালাম আজাদ। এসময় সরকারি ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোল্ডস্টেইন বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ফলে দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাট সব স্থানেই বাংলাদেশের মানুষ প্রশংসা করছে। এদেশের সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাংকের শক্তিশালী অবস্থানকে বিশ্বাস করে। তাদের বিশ্বাস এদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তাদের মানসিকতারও পরিবর্তন হবে। কিন্তু এ পরিবর্তন রাতারাতি হবে না, এর জন্য অনেক সময় লাগবে। অন্যদিকে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে সচিব আবুল কালাম আজাদ বলেছেন, বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। যে পরিমাণ সহযোগিতা দেয়ার কথা বিশ্বব্যাংক বলে, সে তুলনায় তারা অনেক কম অর্থছাড় করে। আর এ কারণেই উন্নয়ন কর্মসূচিতে সরকারি অর্থের অংশ শতভাগ ব্যয় করা সম্ভব হলেও দাতাদের অর্থ সেভাবে ব্যয় করা সম্ভব হয় না। প্রকল্পের পরিকল্পনা এবং বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর হলেও প্রকল্পের অনুমোদন পেতে অনেক দেরি হয়। প্রকল্প অনুমোদনে ২শ’ দিনের চেয়েও বেশি লেগেছে এমন অভিযোগও করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গোল্ডস্টেইন। পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশ সরকার বিকল্প অর্থায়নের দিকে ঝুঁকছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকার পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের অর্থ কার কাছ থেকে নেবে সেটি সম্পূর্ণ সরকারের বিষয়।