সম্প্রতি ঘটে যাওয়া টাঙ্গাইলের গণধর্ষণ, ফেনীর নারী নির্যাতন , ইডেন কলেজের ছাত্রী শারমিন আখতার আঁখির ওপর এসিড নিক্ষেপ প্রভৃতি ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে কর্মজীবী নারীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত না এইসব বর্বর এসিড নিক্ষেপকারী, ধর্ষকদের কঠিন সাজা বাস্তবায়ন হবে ততদিন এদেশে নারী নির্যাতন বন্ধ হবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জোট বাঁধো, তৈরি হও- নারীর প্রতি সহিংসতা রোধে রুখে দাঁড়াও’, এই দাবিতে সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের সভাপতিত্বে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সদস্য উম্মে হাসান ঝলমল, হাসিনা আক্তার নাইনু, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু, পেশাজীবী নারী সমাজের নেত্রী আমেনা সুলতানা বকুল, পথনাট্য পরিষদের নাট্যকার মান্নান হীরা, অভিনেত্রী মোমেনা চৌধুরী প্রমুখ।
