বোলারদের হাত ধরেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাচিতে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হারালো সফরকারীদের। ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই আঘাত হানেন পেসার শামি আহম্মেদ। দুই ওপেনার অ্যালিস্টার কুক ও ইয়ান বেল ৪৮ বলে ২৪ রান তোলার পর সফরকারী অধিনায়ককে ১৭ রানে ফিরিয়ে দেন শামি। এরপর দ্বিতীয় উইকেটে কেভিন পিটারসেনকে নিয়ে মারমুখী হন বেল। তাতে ৪১ বলে ওঠে ৪৪ রান। জুটিটি ভাঙ্গেন ভারতের আরেক পেসার ইশান্ত শর্মা। বক্তিগত ১৭ রান করে শর্মার বলে আউট হন পিটারসেন।
পরের ওভারেই ভুবনেশ্বর কুমারের প্রথম শিকার হয়ে বিদায় নেন বেল (২৫)। দলীয় ৬৮ রানে তিন উইকেট খোয়ানো ইংল্যান্ডকে টেনে তোলার চেষ্টা চালান জো রুট ও ইয়ন মরগ্যান। ৯৭ রানে এই জুটিকে থামিয়ে দেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০ রান করে থামেন মরগ্যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে সফরকারীরা। ফলে এক পর্যায়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ৯৮/৬। এরপর আর বড় সংগ্রহের সুযোগ ছিল না কুকের দলের। তারপরও রুট (৩৯) ও টিম ব্রেসনানের (২৫) নৈপুণ্যে ভারতকে ১৫৬ রানের টার্গেট দিতে সক্ষম হয় ইংল্যান্ড। স্বাগতিক বোলারদের মধ্যে জাদেজা তিনটি এবং ইশান্ত ও অশ্বিন দুটি করে উইকেট নেন।
অমন সহজ টার্গেটে খেলতে নেমে দলীয় ১১ রানে ওপেনার আজিঙ্কা রাহানেকে হারালেও আরেক ওপেনার গৌতম গম্ভীর ও ভিরাট কোহলি ইংলিশ বোলারদের ওপর চড়াও হন। ব্যক্তিগত ৩৩ রানে গম্ভীর ফিরে গেলে তৃতীয় উইকেটে যুবরাজ সিংকে নিয়ে দলের জয়ের পথ সুগম করে দেন কোহলি। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারে ২২তম হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। যুবরাজ ব্যক্তিগত ৩০ রানে আউট হলেও শেষ পর্যন্ত নয়টি চার ও দুই ছক্কায় ৭৯ বলে ৭৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যান অব দ্য ম্যাচ কোহলি।
মোহালিতে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
স ং ক্ষি প্ত স্কো র
ইংল্যান্ড-৪২.২ ওভারে ১৫৫/১০ (জো রুট ৩৯, ব্রেসনান ২৫, ইয়ান বেল ২৫, অ্যালিস্টার কুক ১৭, কেভিন পিটারসেন ১৭; ভুবনেশ্বর ১/৪০, শামি ১/২৩, ইশান্ত ২/২৯, জাদেজা ৩/১৯, অশ্বিন ২/৩৭, রায়না ১/১)।
ভারত- ২৮.১ ওভারে ১৫৭/৩ (কোহলি অপরাজিত ৭৭, গম্ভীর ৩৩, যুবরাজ ৩০; ট্রেডওয়েল ২/২৯, ফিন ১/৫০)।—বাসস
