ব্রাজিলের তরুণ ফুটবল সেনসেশন নেইমার আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সান্তোসেই থাকতে চান তিনি। সম্প্রতি তার ব্রাজিল ছাড়ার আরেকদফা গুঞ্জনের পরে একথা বললেন তিনি। পেপ গার্দিওলার আগামী মৌসুম থেকে বায়ার্নের দায়িত্ব নেয়ার ঘোষণার পরে গত শুক্রবার এএস ডট কম জানায় নেইমার আগামী মৌসুমে এই জার্মান ক্লাবে যোগ দিতে পারেন। তবে এই স্ট্রাইকার বার্সেলোনার সাবেক কোচের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলেছেন ইউরোপে নিজেকে মেলে ধরার সময় এখনো ফুরিয়ে যায়নি। আপাতত সান্তোসেই খেলে যেতে চান, ‘তিনি (গার্দিওলা) নিঃসন্দেহে দারুণ একজন কোচ, সেরাদের একজন। বিশ্বের অন্যান্য গ্রেট কোচের পাশাপাশি তার সঙ্গেও আমার একদিন কাজ করার ইচ্ছা আছে । তবে আবারও বলতে চাই আমি আপাতত সান্তোসেই খেলতে চাই । কারণ, এখানে আমি সুখেই আছি।’
