মাত্রই গত সপ্তাহে কোপা ডেল রেতে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারানোর পরে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতেই আবারো তাদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে লেভান্তের বিরুদ্ধে।
ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারানো রিয়াল আজ আতিথেয়তা নেবে ভ্যালেন্সিয়ার মাঠে। লা লিগায় নিজেদের সর্বশেষ তিনটি ম্যাচই জেতা ভ্যালেন্সিয়া আজ নিশ্চয়ই কঠিন এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে চাইবে রিয়ালের সামনে। যদিও পরিসংখ্যান কথা বলছে না তাদের হয়ে। রিয়ালের বিপক্ষে নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচের একটিও যে জেতা হয়নি তাদের। লিগের প্রথমার্ধটা মোটেও মনের মতো না হলেও শেষটা নিশ্চয়ই ভালভাবে করতে চাইবে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন তারা পিছিয়ে আছে ১৮ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর সঙ্গেও তাদের পয়েন্টের ব্যবধান সাত। ২০০৩-০৪ মৌসুমের পরে এখনো পর্যন্ত কোন বারই তাদের লা লিগায় দ্বিতীয় স্থানের নিচে নামতে হয়নি। তবে লিগে এ মৌসুমের পারফরম্যান্সে রিয়াল সমর্থকেরা এখন আবারও সেই শঙ্কায়। লিগ শিরোপার আশা তাই কাগজে কলমে শেষ হয়ে গেলেও লিগটা অন্তত সম্মানজনকভাবে শেষ করাই এখন হোসে মরিনহোর দলের প্রধান চ্যালেঞ্জ। তাই নিশ্চিতভাবেই তারা চাইবে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে জেতার পরে জয়ের ধারা বজায় রাখতে।
ওদিকে দিনের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের আট নাম্বারে থাকা লেভেন্তে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এ মৌসুমে দারুণ ফর্মে থাকা র্যাদামেল ফ্যালকাওয়ের দল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে হারেনি একটিও। ফ্যালকাও নিজেও আছেন দারুণ ফর্মে। নিজের সর্বশেষ ম্যাচেই গোল পেয়েছেন রিয়াল বেটিসের বিরুদ্ধে। তবে লেভেন্তেকে আশাবাদী করে তুলতে পারে অ্যাথলেটিকোর বিরুদ্ধে তাদের সামপ্রতিক পারফরম্যান্স। সর্বশেষ পাঁচ মোকাবেলায় দুইবারই তারা হারিয়েছে অ্যাথলেটিকো কে। নিজেদের সর্বশেষ দুটি ম্যাচেই পরাজয় বহন করা লেভেন্তে নিশ্চিতভাবেই আজ খালি হাতে ফিরতে চাইবে না অ্যাথলেটিকোর মাঠ থেকে।
আজকের ম্যাচ
ওসাসুনা-দেপোর্তিভো লা করুনা
রিয়াল ভ্যালেদোলিদ-রিয়াল জারাগোজা
অ্যাটলেটিকো মাদ্রিদ-লেভান্তে
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ
