ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা চেলসি তাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে। অপরদিকে ষষ্ঠ স্থানে অবস্থান করা আর্সেনালের পয়েন্ট ৩৪। তবে ‘বড় দল’র তকমা পাওয়ার ক্ষেত্রে একদমই পিছিয়ে নেই ব্লুজ ও গানার দল। আর এই বড় দল হওয়ার চাপ নিয়েই আজ মাঠে নামছে দুদল। দিনের অপর খেলায় টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের।
ম্যাচের আগে চাপে থাকবেন দুদলের কোচও। প্রথমত রাফায়েল বেনিটেজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নেয়ার পর বলার মতো কোন সাফল্যের দেখা পায়নি তার দল। একের পর এক ট্রফি হাতছাড়া হওয়ার সাথে সাথে প্রশ্ন উঠছে কোচ এবং দলের আক্রমণভাগের খেলোয়াড়দের পরফরমেন্স নিয়েও। আর গত কয়েক ম্যাচেও চেলসি ঠিক নিজেদের খেলাটা খেলতে পারছে না। লিগের শেষ ম্যাচে সাউদাম্পটন ইউনাইটেডের সাথে তারা ২-২ গোলে ড্র করে। যদিও আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন স্প্যানিশ কোচ রাফায়েল বেনিটেজ, ‘আর্সেনাল সেরা মানের একটি দল। তবে তারা একটু বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই এই ম্যাচটি একটু অন্যরকম হবে। আসল ব্যাপার হলো ম্যাচের শুরু থেকেই নিজের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে। আর ম্যাচে আমরা গোল করতে পারলে আমরাই জিতবো।’
লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করা সাবেক এই অল রেড কোচ আরো বলেন, ‘আগের ম্যাচে আমরা তৃতীয় গোলের দেখা পেলে ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। ম্যাচের শেষের দিকে আমরা অনেক বেশি আক্রমণ করেছি এবং বিপক্ষ দলকে কাউন্টার আক্রমণের সুযোগ দিয়েছি। ঘরের মাঠ কিংবা বিপক্ষের মাঠ যেখানেই খেলি না কেন আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবি না।’
আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার নিজেদের যোগ্যতার বলেই জয় নিশ্চিত করতে চান, ‘আমি চেলসি দলের কোন দুর্বলতার দিকে নজর দিচ্ছি না। নিজেদের যোগ্যতায় আমার ভরসা আছে। নিজেদের সেরাটা মাঠে উপহার দিতে পারলেই আমরা খুশি। এটাই সর্বোচ্চ আমরা করতে পারি। বিপক্ষ দল আমাদের জন্য অনেক চমক নিয়েই মাঠে হাজির হবে।’
চেলসি দলের হয়ে আজো প্রথম একাদশে খেলবেন ফর্মে থাকা ফরোয়ার্ড ডেম্বা বা। রক্ষণভাগের নেতৃত্ব দিবেন অধিনায়ক জন টেরি। আর্সেনাল দলের মূল ভরসা থিও ওয়ালকট।
আজকের ম্যাচ
চেলসি-আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার-ম্যানচেস্টার ইউনাইটেড
