থামছেন না মেসি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:১৭
বার্সেলোনার রেকর্ড থেমে গেলেও লিওনেল মেসি থামেননি। বার্সেলোনার এই পরাজয়ের রাতে লা লিগার আরেকটি রেকর্ড স্পর্শ করলেন—টানা ১০ ম্যাচে গোল করলেন মেসি। ক্লাবের হয়ে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ডটা এখন একার করে নেয়ার সুযোগ তার সামনে। এর আগে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো ও মারিয়ানো মার্টিনের হাতে। রোনালদো ১০ ম্যাচে করেছিলেন ১২ গোল। মার্টিন ১০ ম্যাচে করেছিলেন ১৮ গোল। মেসিও ১৮ গোল করে মার্টিনের মতো স্কোরিং রেট ধরে রেখেছেন। এখন পর্যন্ত চলতি লিগে মেসির মোট গোল ২৯টি। নিজের এই অর্জন নিয়ে স্বাভাবিকভাবেই ভাবার সময় নেই মেসির। তাকে ভাবতে হচ্ছে লিগে দলের প্রথম পরাজয় নিয়ে। তবে মেসি এই পরাজয়কে এমন কিছু বড় ঘটনা বলে দেখতে রাজি নন। তিনি বরং বলছেন, এখন তাদের দ্রুত নিজেদের ফিরে পেতে হবে, ‘পরাজয় তো লিগে কোনো না কোনো সময় আসতোই। সেটা আজ এলো। এখন এটা নিয়ে না ভেবে দ্রুত আবার ফর্মে ফিরে আসতে হবে। সামনেই কোপা দেল রেতে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফলে আমাদের ভালো করতেই হবে।’