ফুলহ্যামকে ইত্তিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়ে ম্যানইউ থেকে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে গতবারের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি। শনিবার সিটির হয়ে জোড়া গোল উপহার দেন স্পেনের মিডফিল্ডার ডেভিড সিলভা। ম্যানইউ গতকাল রবিবার টটেনহ্যাম হটস্পারের মোকাবেলা করেছে। ফল এতক্ষণে জেনে যাওয়ার কথা সবার। রেড ডেভিলরা হেরে গেলে সিটির সাথে পয়েন্ট ব্যবধান একই থাকছে। আর ড্র হলে পাঁচ পয়েন্টে এগিয়ে থাকবে অ্যালেক্স ফার্গুসনের দল। জয় পেলে সেক্ষেত্রে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে সাত। সিটি শিরোপা আশা ভালভাবেই বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত।
সিটি ২৩টি ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে ম্যানইউ ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। চেলসি ৪২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।
সিলভা ফুলহ্যামের বিপক্ষে ৯৬ সেকেন্ডে সিটিকে প্রথম গোল উপহার দেন। কার্লোস তেভেজের সহযোগিতায় সিলভা ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। সিটির পাবলো জাবেলেটা ইনজুরি আক্রান্ত হন এ ম্যাচে। এদিকে উরুগুয়ের লিভারপুল তারকা লুইস সুয়ারেজের সাথে জুটিবদ্ধ হয়েছেন ড্যানিয়েল স্টুরিজ দারুণভাবে। স্টুরিজ আকর্ষণীয় ফুটবল উপহার দিচ্ছেন লিভারপুলে এসেই। ফলে অ্যানফিল্ডে শনিবার নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় অল রেডরা। সেইসাথে ইউরোপিয়ান আসরে খেলার সম্ভাবনা আরো বাড়িয়ে তুলেছে দলটি। তিন পয়েন্ট পেছনে রয়েছে তারা এখন। ৩৪ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান লিভারপুলের। ইউরোপের আসরে খেলার সুযোগ পেতে কমপক্ষে প্রিমিয়ার লিগে পাঁচের মধ্যে অবস্থান করতে হবে। এভারটন ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।
লিভারপুলের হয়ে উদ্বোধনী গোলটি করেন জর্ডান হেন্ডারসন ম্যাচের ২৬ মিনিটে। দশ মিনিট পর সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। লিগে সুয়ারেজের এটি ১৬তম গোল। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি এখন পর্যন্ত। ম্যানইউর রবিন ফন পার্সি ১৭ গোল করে শীর্ষে রয়েছেন গোলদাতাদের তালিকায়। স্টারিজ নতুন ক্লাবে তৃতীয় ম্যাচে তৃতীয় গোল আদায় করে নিলেন ম্যাচের ৫৯ মিনিটে। লিভারপুলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক স্টিভেন জেরার্ড ৬৬ মিনিটে। নরউইচের রায়ান বেনেট আত্মঘাতী গোল করে লিভারপুলের সাথে ব্যবধান আরো বাড়িয়ে দেন (৫-০) ৭৪ মিনিটে। লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন রজার্স বলেন,‘মৌসুমের বেশিরভাগ সময় আমরা ভাল খেলেছি। কিন্তু ড্যানিয়েল যোগ হয়ে অতিরিক্ত কিছু দিয়েছেন। তার গতি এবং শক্তি রয়েছে। সেইসাথে রয়েছে অসাধারণ টাচিং ফুটবল এবং ভাল স্কিল।’
বর্তমানে ২৩ বছর বয়সী স্টারিজ ইতিহাসও গড়েছেন। ১৯৭৪ সালে লিভারপুলের রে কেনেডি ক্লাবের হয়ে প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছিলেন। আর দীর্ঘদিন পর সেই ইতিহাস ছুঁয়ে ফেললেন স্টুরিজ। অ্যাস্টন ভিলা রেলিগেশন অঞ্চল থেকে বের হয়ে এসেছে স্থানীয় প্রতিপক্ষ ওয়েস্টব্রুমউইচের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। ভিলা ড্র করলে রিডিং থেকে গেল রেলিগেশন অঞ্চলে। যদিও তারা নিউ ক্যাসলকে ২-১ গোলে হারায় শনিবার। সান্দারল্যান্ড ৩-২ গোলে হারিয়ে দিল উইগান অ্যাথলেটিককে। উইগান চলে গেল রেলিগেশনে। লিবার্টি স্টেডিয়ামে সোয়ানসি সিটি ৩-১ গোলে হারায় স্টোকসিটিকে। স্টোকের হয়ে একমাত্র গোলটি করেন মাইকেল ওয়েন। প্রিমিয়ার লিগে এটি ওয়েনের ১৫০তম গোল।
শনিবারের ফলাফল
লিভারপুল ৫ নরউইচ সিটি ০
ম্যানচেস্টার সিটি ২ ফুলহ্যাম ০
নিউ ক্যাসল ১ রিডিং ২
সোয়ানসি সিটি ৩ স্টোক সিটি ১
ওয়েস্টহ্যাম ১ কুইন্স পার্ক রেঞ্জার্স ১
উইগান ২ সান্দারল্যান্ড ৩
ওয়েস্ট ব্রুমউইচ ২ অ্যাস্টন ভিলা ২
