আপাতত কোনো সলো অ্যালবাম নয়, এ বছর সিঙ্গেলস বের করার পরিকল্পনা নিয়েছেন পপ তারকা আলিফ আলাউদ্দিন। চ্যানেল একাত্তরে একাধিক অনুষ্ঠানের সমন্বয় ও উপস্থাপনার পাশাপাশি ঢাকা এফএম-এ ‘আলাপন’ নামের আরও একটি সাপ্তাহিক শো করছেন। যেখানে প্রতি বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শো করছেন নিয়মিত। নিজের গান ও মিডিয়া ক্যারিয়ার প্রসঙ্গে আলিফ বলেন, ‘এ বছর আমার গানগুলোর নতুন ভিডিওসহ সিঙ্গলস-এর জন্য কয়েকটি গান রেকর্ড করব। এ ছাড়া এ বছর নতুন আরেকটি টিভি শো নিয়েও চিন্তা করছি। খুব শিগগিরই এই নতুন অনুষ্ঠানের ঘোষণা দেব।’
এদিকে, চ্যানেল একাত্তরে ‘মিউজিক বাজ’ নামে নতুন একটি জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।
উপস্থাপনা ও গানে সমান্তরাল যাতায়াত প্রসঙ্গে আলিফ বলেন, ‘সবকিছুতেই আমি গানের ভেতরেই থাকতে চাই। এর বাইরে তো কিছু করছি না। তাই আমার সবকিছু সামলাতে খুব একটা সমস্যা হয় না। উল্লেখ্য, কণ্ঠশিল্পী আলিফের এ যাবত্ তিনটি সলো অ্যালবাম বাজারে এসেছে, এগুলো হলো—‘সেই তুমি এলে’ (সঙ্গীতা), ‘ডাকে আমায়’ (সঙ্গীতা) ‘কল্পনাতে’ (জি সিরিজ)।
