প্রতি বছরের ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অবস্থিত কফি হাউজের তত্ত্বাবধানে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ২৫ জানুয়ারি আয়োজন করা হয়েছে আট দিনব্যাপী ‘জাতীয় পিঠা উত্সব-১৪১৯’। নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদকে আহ্বায়ক করে দেশের প্রথিতযশা শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে ১১১ সদস্যবিশিষ্ট উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে এ পিঠা উত্সবকে ঘিরে। এ বছর পিঠা উত্সবে ৪০টি স্টলে পিঠাশিল্পীগণ পিঠা তৈরি, প্রদর্শন এবং বিক্রয় করছেন। অংশগ্রহণকারী পিঠাশিল্পীদের মধ্যে থেকে পাঁচ জনকে সেরা পিঠাশিল্পী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ১৮ জানুয়ারি শিল্পকলা একাডেমী কফি হাউস অঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় পিঠা উত্সব-১৪১৯’-এর শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, নাট্য নির্দেশক-অভিনেতা আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী।
