আলোর অনির্বাণ শিখা সমুন্নত রাখার প্রত্যয়

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
গত শনিবার বিকালে রমনার বটমূলে বসেছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী উত্সব ২০১৩-এর দ্বিতীয় দিনের ৩য় পর্বের মিলনমেলা। এতে শামিল হয়েছিলো ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ অসংখ্য মানুষ। অজস্র আলোকরশ্মিতে ঝলমল করছিল রমনার উত্সব প্রাঙ্গণ। গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ঢাকা মহানগরীর বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উত্সবের ৩য় পর্বে অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, শিশু সাহিত্যিক আলী ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ প্রমুখ। গত শনিবার পুরস্কার গ্রহণ করেছে ঢাকা মহানগরীর ২৮টি স্কুলের ২০১১ ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ৪১৮ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৫৮৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৬৯১ জন এবং সেরা পাঠক পুরস্কার পেয়েছে ৩১৪ জন। অতিথিরা পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে সমৃদ্ধ দুর্নীতিমুক্ত আলোকিত বাংলাদেশ গড়ার কাণ্ডারী হিসাবে দৃঢ় শপথ নেয়ার কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আনন্দের সাথে বইপড়ার মাধ্যমে চিত্তের উত্কর্ষ সাধন করতে হবে। শেষে অস্তগামী সূর্যের প্রস্থানকালে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’-সঙ্গীতের সাথে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সকলেই অন্ধকার ভেদ করে আলোর অনির্বাণ শিখা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পুরস্কার হিসাবে বই দেয়া হয়েছে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর সৌজন্যে। -প্রেস বিজ্ঞপ্তি