ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী। বাংলাদেশে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ান উইরানাটা এমাজা রবিবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়ার চমত্কার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান। তিনি ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিদেশে বিশ্বমানের ওষুধ, সিরামিক, সিল্ক, চামড়া, পাটজাত দ্রব্য ও তৈরি পোশাক রপ্তানি করছে। তিনি ইন্দোনেশিয়ায় এসব পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান। নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, তার দেশও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।