শিশু নির্যাতনের বিরুদ্ধে এখনই আন্দোলন গড়ে তুলতে হবে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীতে যে হারে শিশু নির্যাতনের শিকার হচ্ছে তাতে এখনই শিশু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি একটি শক্ত গণআন্দোলন সৃষ্টি করা প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের বক্তারা। তারা বলেছে, এখনো দেশে ৬ লাখ পথশিশু আছে। ২০০৯ সালে যা ছিল ২ লাখ ৮০ হাজার। দ্রুত নগরায়ন হওয়ার কারণে তারা কাজের সন্ধানে শহরগামী হচ্ছে। শুধু রাজধানী ঢাকা শহরেই ৫৫ হাজার পথশিশু রয়েছে। যারা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। গতকাল রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক পুস্তক প্রকাশ ও সম্প্রতি শিশু নির্যাতন পরিস্থিতি বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের কো-অর্ডিনেটর এ. এস মাহমুদ। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক প্রকাশিত বইটির উপর আলোচনা করেন কনসালটেন্ট ওয়ালিদ মাহমুদ। আরো বক্তব্য রাখেন ফোরামের চেয়ারম্যান মো. ইমরানুল হক চৌধুরী, পরিচালক শাহানা জান্নাত, তেরেদেস হোমস নেদারল্যান্ডের প্রকল্প পরিচালক মো. এহসানুল হক প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, এই পথশিশুরাই আবার পাচারের শিকার হয়। পাচার হয়ে যাওয়ার পর যে শিশুদের উদ্ধার করা হয় তাদের হয়তো একটা পরিসংখ্যান পাওয়া যায়। পাচার হয়ে যাওয়া শিশুর কোন সঠিক সংখ্যা জানা যায় না। তবে পাচারের পর যে শিশুদের উদ্ধার করে আনা হয় তাদের অধিকাংশই বিভিন্ন ধরনের মারাত্মক অসুস্থতায় শিকার হয়ে ফিরে আসে। এর মধ্যে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যাই বেশি। বক্তারা বলেন, পথশিশুদের সমস্যা সমাধানে প্রকৃত উদ্যোগ না নেয়ার ফলে ক্রমাগত পথশিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পথশিশুদের ভয়াবহতা থেকে বেড়িয়ে আসতে তাদের জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়া জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।