দেশের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বহন করে জাদুঘর -অর্থমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৬
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন যে কোন দেশের জাদুঘর সেই দেশের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বহন করে। একটি জাতিকে জানার অন্যতম সুযোগ করে দেয় সে দেশের জাদুঘর। তাই জাদুঘর শিক্ষা প্রকল্প, নতুন প্রজন্মকে নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেয়। গতকাল জাতীয় জাদুঘরে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর তথ্য ও যোগাযোগ ও ডিজিটালাইজেশন কার্যক্রম’ এবং ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক দু’টি বিষয়ভিত্তিক প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কখা বলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের জাদুঘর অনেক সমৃদ্ধ একটি জাদুঘর আর আজ এর ডিজিটালাইজেশনের মাধ্যমে নতুন দিক উন্মোচিত হল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, ১৯১৩ সালে ক্ষুুদ্র পরিসরে যাত্রা শুরু করে ঢাকা জাদুঘর। কালের পরিক্রমায় বিভিন্ন পৃষ্ঠপোষকতায় ও বিভিন্ন পেশাজীবী মানুষের সহযোগিতা ও গবেষকদের প্রজ্ঞায় ১৯৮৩ সালে জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি। বক্তব্য শেষে অর্থমন্ত্রী বিষয়ভিত্তিক প্রদর্শনী দু’টি উদ্বোধন এবং ঘুরে দেখেন।