পাঁচ বিদেশির পরও হারলো খুলনা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
প্রথম ম্যাচে জোড়াতালি দেয়া দল নিয়ে ১৪২, দ্বিতীয় ম্যাচে পাঁচ বিদেশি নিয়েও ১৪২ রান। আর ম্যাচের ফলাফলেও আসেনি কোনো পরিবর্তন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেও হারতে হলো খুলনাকে। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়লো বরিশাল। পাকিস্তান ক্রিকেটারদের শেষ মুহূর্তে না পাওয়ায় এক বিদেশি নিয়েই খুলনা প্রথম ম্যাচে মাঠে নামে। অথচ কাল পাঁচজন বিদেশি নিয়ে বরিশাল বার্নার্সের বিরুদ্ধে খেলতে নেমেও জয়ের দেখা পেল না তারা। আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি, শাপুর জর্দানের মতো অখ্যাত খেলোয়াড়দের দিয়ে দল সাজিয়ে নিজেদের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি খুলনা। এমনকি অস্ট্রেলিয়ার ড্যানিয়েল হ্যারিসের মতো অনভিজ্ঞ খেলোয়াড় দলে নিয়েছে খুলনা, যার গত দশটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান ২৫! অথচ, দেশি খেলোয়াড়দের সাইড বেঞ্চে বসিয়ে রেখে বিদেশিদের উপরই ভরসা রেখেছে খুলনা। ম্যাচ শেষে অধিনায়ক শাহরিয়ার নাফীস অবশ্য কূটনৈতিক উত্তর দিলেন, ‘হ্যারিস কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়। আমরা ভালো খেলোয়াড়ই নেয়ার চেষ্টা করি। তাছাড়া বিদেশিদের নেয়ার ফলে আমাদের কম্বিনেশনেও ভিন্নতা এসেছে। ব্যাটিং-বোলিংটাকে সাজাতে পেরেছি। আসলে যাদেরকে সহজেই পাওয়া যায় তাদেরকেই এখন বিপিএল খেলার জন্য নেয়া হয়েছে’। কিন্তু বিদেশিদের নিয়েও খুলনার ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। অধিনায়ক নাফীস ২৮ বলে ৪৮ এবং রিকি ওসেলস ৪৪ বলে ৪৮ রান ছাড়া দলের কেউই ভালো করতে পারেনি। নাফীস ও ওসেলস যখন বড় একটি পার্টনারশীপের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনি রান-আউট হয়েছেন নাফীস। এই রান-আউটের জন্য নাফীস আফসোসও করেছেন, ‘আমাদের ২৫টি রান কম হয়েছে। ১৭৫ রান করলে লড়াই করা যায়। রান-আউট না হলে স্কোরটা আরো বড় হতে পারতো। এই হারে আমাদেরই দায় বেশি। ব্র্যাড হজেরও একটি ক্যাচ ফেলে দিয়েছিলাম’। তবে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বরিশালকেও কষ্ট করতে হয়নি। ম্যাচ সেরা ব্র্যাড হজ (৫৩), ফিল মাস্টার্ড (৩৫) ও জো ড্যানলি (৩০) ব্যাটিংয়ে ৯ বল বাকি থাকতে বড় জয় পায় বরিশাল। গত আসরে বরিশালের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ। এবারের বিগ ব্যাশের শুরু থেকে এই ব্যাটসম্যান ফর্মে রয়েছেন। বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার পার্থের উইকেট ছেড়ে খেলতে এসেছেন ঢাকার মিরপুর স্টেডিয়ামে। গত বিপিএলে সেমিফাইনালের আগে বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। পয়েন্ট টেবিলের বিতর্কের কারণে বরিশাল সেমিফাইনাল খেলতে পারবে কি পারবে না—এই দ্বিধার পড়ে টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। পরে বিতর্কের অবসান ঘটায় বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে আনা হয়। সেটা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘সেই বিষয়টি খুবই মজার ছিল। সেমিফাইনাল খেলতে পারবো কিনা সেই দ্বিধার কারণে দেশে ফেরত পাঠিয়ে দেয় তারা। আবার বিমানবন্দর থেকে ফেরত এসেছি’। গত আসরের ফাইনাল খেলেছে বরিশাল। এবার প্রথম ম্যাচে সিলেট রয়েলসের কাছে ৩৩ রানে হারলেও কাল পেয়েছে বড় জয়। এবারো এই দলটির টার্গেট ফাইনাল। দলের সদস্য হিসেবে হজ আশা করছে, দলকে ফাইনালে নিয়ে যেতে পারবে। সম্প্রতি পার্থে খেলে আসার পর বিপিএল খেলতে এসেছেন। আগের অভিজ্ঞতা রয়েছে বলেই তার এখানে খেলাটা সহজ, ‘অবশ্যই পার্থের উইকেটে খেলা কঠিন। এখানে আমি আগে খেলে গেছি, এখানকার উইকেট সম্বন্ধে আমার জানা আছে। টি-টোয়েন্টি এমন একটি ম্যাচ, এখানে ভালো খেলতেই হবে। আশা করছি বিগ ব্যাশের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো’। বরিশালকে জয় এনে দেয়ার পিছনে এই ব্যাটসম্যানের বড় অবদান রয়েছে। মাত্র ৩৬ বলে ফিফটি করা হজ পাঁচটি চার ও দুইটি ছয় মেরেছেন। বর্তমান সময়টা তার ভালো যাচ্ছে। ফর্মেও রয়েছেন, এই ফর্ম দিয়েই জাতীয় দলে ফিরতে চান তিনি। ৩৮ বছর বয়স্ক এই অস্ট্রেলিয়ান বলেন, ‘আমি মনে করি আমার এখনো খেলার সুযোগ আছে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচকদের উপর’। বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে কাল। আগামীকাল মঙ্গলবার থেকে খুলনার পর্ব শুরু হবে। এরপর চট্টগ্রাম ঘুরে দলগুলো ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায় পৌঁছাবে। সংক্ষিপ্ত স্কোর: খুলনা রয়েল বেঙ্গলস- ২০ ওভারে ১৪২/৮ (নাফীস ৪৩, ওসেলস ৪৮, হ্যারিস ১১, ফরহাদ ১১, শফিউল ১/১৯)। বরিশাল বার্নার্স- ১৮.৩ ওভারে ১৪৬/২ (হজ ৫৩, মাস্টার্ড ৩৫, ড্যানলি অপ: ৩০, আজহার অপ: ২৫, ডলার ১/২২)। ম্যান অব দ্য ম্যাচ: ব্র্যাড হজ। ফল: বরিশাল বার্নার্স জয়ী ৮ উইকেটে।