বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গোপালগঞ্জ থেকে ম্যাচ জিতে ফিরতে পারল না। নিজেদের হোম ভেন্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গতকাল রবিবার তাদেরকে গোলশূন্য ড্রয়ে বাধ্য করে এক পয়েন্ট রেখে দেয়। কিন্তু দু’দলের এই ড্রয়ে সুবিধা হলো শেখ রাসেলের। কেননা তারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শীর্ষে নিজেদের অবস্থান অব্যাহত রাখতে সক্ষম হলো।
আবাহনীর লক্ষ্য ছিল যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। কারণ মুক্তিযোদ্ধাকে হারাতে পারলে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত। সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি স্বাগতিক দল। তাই লিগের প্রথম পর্বে তিন নম্বরে গড়িয়ে গিয়ে খেলা শেষ করলো আবাহনী। মুক্তিযোদ্ধার ঠাঁই হলো তাদের পেছনে, চার নম্বরে। আবাহনী মুক্তিযোদ্ধা ড্র করায় আগের মতোই এক নম্বর স্থানে থাকল শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র।
গতকাল গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে হতাশ হয়ে ঢাকায় ফিরেছে আবাহনী। কারণ তাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট। সেটা পূরণ হলো না। এতো বেশি গোলের সুযোগ কাজে লাগবে না, সেটাই বা কে জানতো। আবাহনী চারটা গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু চারবারই সেসব ব্যর্থ করে দেন মুক্তিযোদ্ধার গোলকিপার জিয়াউর রহমান জিয়া। ঘানাইয়ান ফরোয়ার্ড থুয়াম ফ্রাঙ্কের শট মুক্তিযোদ্ধার ডিফেন্ডারের গায়ে লেগে বলের মোড় ঘুরে গিয়ে জালে ঢুকতে যাচ্ছিল। বিপজ্জনক বলটি দারুণভাবে আটকে দিয়েছেন গোলকিপার জিয়া। মোহামেডানের বিরুদ্ধে দুইটি গোল করে আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি দলের ইরানী কোচ আরদেশির পুরনামাথের আস্থা অর্জন করেছিলেন। রনি কাল দুইবার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন। একবার তার হেড গোলকিপার জিয়া কর্নার করে বল বাইরে ফেলেন। আরেকবার জিয়াকে একা পেয়ে ব্যর্থ হন তিনি। আবাহনীর প্লেমেকার ঘানাইয়ান ইব্রাহিম দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে গোল করার জন্য বল বসালেন। বল বসিয়ে খুব বুঝে এবং দেখে শুনে ভালো শট করেছিলেন। কিন্তু সেটা আটকে দিয়ে গোলকিপার জিয়া মুন্সিয়ানা দেখিয়েছেন। দলকে বাঁচিয়েছেন। আবাহনীর সব চেষ্টা বৃথা করে দেন জিয়া। তবে ম্যাচের মোড় ঘুরে যেতেও পারত, যদি প্রথমার্ধে মুক্তিযোদ্ধার ব্রাজিলীয়ান স্ট্রাইকার টাইসনের শটটি আবাহনীর ক্রসবারে না লাগত। পুরো ম্যাচে এটাই সবচেয়ে বড় আফসোস দলের কোচ শফিকুল ইসলাম মানিকের। মুক্তিযোদ্ধা তাদের রক্ষণভাগকে শক্ত রেখে কাউন্টার অ্যাটাকে খেলতে চেয়েছিল। কারণ মুক্তিযোদ্ধায় নেই জাতীয় দলের ফুটবলার। মানিক বলেন, ‘আমার দলের খেলোয়াড়রা বেশিরভাগই জাতীয় দলের সাবেক তারকা। আমাকে সেভাবেই ভেবে-চিন্তে খেলতে হয়েছে। আমি ম্যাচ ভালো খেলেছি, তাতে সন্তুষ্ট।’
আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাস রুপু অবশ্য দাবি করেছেন বদলী খেলতে নামা আব্দুল বাতেন কোমলের ক্রসের বল মুক্তিযোদ্ধার ডিফেন্ডার হাত দিয়ে থামিয়েছেন। যদিও পেনাল্টি দেননি রেফারি। আবাহনীর আরো অভিযোগ, গোপালগঞ্জের মাঠ আয়তনে ছোট। চ্যাম্পিয়ন দলগুলোর জন্য এ ধরনের মাঠে খেলা যায় না। মাঠ ছোট।’ এমন অভিযোগ প্রসঙ্গে মুক্তিযোদ্ধার কোচ মানিক বললেন, ‘এটা যদি পেনাল্টি হয় তাহলে ম্যাচে শত শত পেনাল্টি হওয়ার কথা।’ আর মাঠ প্রসঙ্গে মানিক বলেন, ‘১১০/৭৫ গজের মাঠ যদি ছোট হয় তাহলে বাংলাদেশের সব মাঠই ছোট মাঠ। কোনো মাঠেই খেলা সম্ভব না।’
এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আবাহনী মুক্তিযোদ্ধার ম্যাচটি শুরু হওয়ার আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রায় হাজার দশেক দর্শক মাঠে এসেছিলেন পেশাদার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখার জন্য। অনেক দর্শক জীবনের ঝুঁকি নিয়ে স্টেডিয়ামের নির্মাণাধীন ভবনের ছাদে বসে খেলা দেখেছেন। দুই দলে ব্রাজিল, ঘানা, ক্যামেরুন, নাইজেরিয়ান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে গোপালগঞ্জ স্টেডিয়ামে উত্সব মুখর পরিবেশ ছিল। ফুটবলের টানে গতকাল মহিলা ফুটবল অনুরাগীরা মাঠে এসেছিলেন খেলা উপভোগ করার জন্য।
উল্লেখ্য, ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী এবং ফেনীর সকার ক্লাবের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরটি শুরু হয়েছিল। গতকাল গোপালগঞ্জে আবাহনী মুক্তিযোদ্ধা ম্যাচ দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হলো। লিগের ফিরতি পর্ব ২৮ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম পর্বের পয়েন্ট তালিকা
শেখ রাসেল ৮ ৬ ১ ১ ১৯
শেখ জামাল ৮ ৫ ৩ ০ ১৮
আবাহনী ৮ ৫ ২ ১ ১৭
মুক্তিযোদ্ধা ৮ ৪ ২ ২ ১৪
মোহামেডান ৮ ৪ ১ ৩ ১৩
বিজেএমসি ৮ ৩ ২ ৩ ১১
ব্রাদার্স ৮ ১ ১ ৬ ৪
সকার ক্লাব ৮ ১ ০ ৭ ৩
আরামবাগ ৮ ১ ০ ৭ ৩
